বাইক লেন অপসারণে করদাদাতাদের ব্যয় হবে ৪৮ মিলিয়ন ডলার

ব্লুর স্ট্রিট ইয়ং স্ট্রিট এবং ইউনিভার্সিটি এভিনিউয়ের অংশবিশেষ থেকে বাইক লেন অপসারণে করদাতাদের খরচ হবে অন্তত ৪ কোটি ৮০ লাখ ডলার

ব্লুর স্ট্রিট, ইয়ং স্ট্রিট এবং ইউনিভার্সিটি এভিনিউয়ের অংশবিশেষ থেকে বাইক লেন অপসারণে করদাতাদের খরচ হবে অন্তত ৪ কোটি ৮০ লাখ ডলার। গত মাসে অন্টারিও সরকারের প্রস্তাবিত বিল ২১২ এর প্রভাব সংক্রান্ত সিটি স্টাফের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিলটির ফলে মিউনিসিপালিটিগুলো ভেহিকল ট্রাফিক লেন অপসারণ করে বাইক লেন স্থাপন করতে চাইলে তাদেরকে অবশ্যই প্রদেশের কাছ থেকে অনুমতি নিতে হবে।

প্রদেশ পরবর্তীতে নতুন নীতিমালা যুক্ত করে, যার ফলে টরন্টোর এসব প্রধান সড়কের অংশবিশেষের বাইক লেন বাতিলের কথা বলা হয়েছে। বুধবার পোস্ট করা ওই প্রতিবেদনে সিটি স্টাফ বলেছেন, এই হিসাবের মধ্যে আছে সড়কগুলোর ওইসব অংশের রাস্তা সংস্কার ও রিসার্ফেসিং ব্যয়। এগুলো সাম্প্রতিক সময়ে পুনর্নিমাণ করা হয়েছে।

- Advertisement -

স্টাফ বলেন, বিদ্যমান নির্মাণ পরিবর্তন বা বাতিল অথবা মেরামত চুক্তির ব্যয় এর বাইরে রাখা হয়েছে। প্রস্তাবিত পরিকল্পনার ফলে এগুলোও প্রভাবিত হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইনটি যেহেতু সম্প্রতি ঘোষণা করা হয়েছে, তাই এই হিসাব খুবই প্রাথমিক এবং প্রকৃত ব্যয় নিরূপনের আগে তাদের আরও তথ্যের প্রয়োজন হবে।

বাইক লেন অপসারণ পরিকল্পনা সংক্রান্ত দুটি প্রস্তাব নিয়ে এ সপ্তাহের সিটি কাউন্সিলের সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে। মেয়র অলিভিয়া চাউ তার প্রস্তাবে বলেছেন, বিল ২১২ যদি পাস হয় তাহলে সিটি কাউন্সিলের সিদ্ধান্ত ও কাজগুলো আর হবে না। করদাতাদের এর চড়া মূল্য দিতে হবে।

চাউ তার প্রস্তাবে লিখেছেন, মেয়র হিসেবে সিটি কাউন্সিলের সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ এবং আমাদের পেশাদার জনসেবা বিশেষজ্ঞদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। এই বিশেষজ্ঞ সেবা সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে।

অন্যদিকে, কাউন্সিলর ডায়ানে স্যাক্সের প্রস্তাবে বিল ২১২ এর বিরুদ্ধে প্রতিবাদের কথা জানিয়ে প্রিমিয়ার ডগ ফোর্ড এবং অন্টারিওর সব মিউনিসিপালিটিতে চিঠি লিখতে সিটি ব্যবস্থাপককে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রদেশ যাতে মিউনিসিপালিটিগুলোর প্রতি সম্মান প্রদর্শন করে সেটাও লিখতে বলা হয়েছে।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent