
পরবর্তী নির্বাচনে জিতে সরকার গঠন করলে অত্যাবশ্যকীয় সব সামগ্রীর ওপর থেকে জিএসটি প্রত্যাহার করবে এনডিপি। এনডিপি নেতা জাগমিত সিং বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন।
এই ফলে একাধিক প্রাদেশিক নির্বাচনে জীবনযাত্রার ব্যয় যখন কেন্দ্রীয় ভূমিকা রাখছে সেই সময় এই ঘোষণা দিল এনডিপি। সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতায়ও এটাই ছিল সবচেয়ে বড় বিষয়। নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
টরন্টোতে কানাডিয়ান ক্লাবে দেওয়া এক বক্তৃতায় জাগমিত সিং বলেন, আপনি গ্রোসারি কিনতে গেলে তার ওপর জিএসটি প্রযোজ্য হয় না। কানাডিয়ানরা বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং বিষয়টি বিবেচেনায় নিয়ে আমরা এটা সম্প্রসারণ করতে চাই।
এনডিপির মতে, অত্যাবশ্যকীয় সামগ্রীর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে প্রাক-প্রস্তুতকৃত মিল এবং গ্রোসারি স্টোরের খাবার, ১৫ বছরের কম বয়সী শিশুদের পোশাক, ডায়াপার, হোম হিটিং এবং সেলফোন ও ইন্টারনেট বিল।
এনডিপির এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এর ফলে গড়পড়তা একটা পরিবারের বছরে ৫০০ ডলার সাশ্রয় হবে।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই নীতির ফলে ব্যয় বাবদ ফেডারেল সরকারের প্রায় ৫০০ কোটি ডলার রাজস্ব ক্ষতি হবে। তবে প্রস্তাবিত এক্সেস প্রফিট ট্যাক্সের মাধ্যমে এটা পুষিয়ে নেওয়া যাবে।
এনডিপি এর আগে গত নভেম্বরে হাউস অব কমন্সে এক প্রস্তাবের মাধ্যমে হোম হিটিং থেকে স্থায়ীভাবে জিএসটি বাতিলের চেষ্টা করে। কেবলমাত্র এনডিপি ও গ্রিন পার্টি প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ায় তা পাস হয়নি। অন্টারিওর মতো কিছু প্রদেশ এরই মধ্যে শিশুদের পোশাক ও প্রস্তুতকৃত গ্রোসারি সামগ্রীর মতো নির্দিষ্ট কিছু সামগ্রীর ওপর থেকে এইচএসটিতে প্রাদেশিক হিস্যা বা প্রাদেশিক বিক্রয় কর বাতিল করেছে।
This article was written by Rezaul Haque as part of the LJI
