
অন্টারিও অডিটর জেনারেল শেলি স্পেন্স মঙ্গলবার কুইন’স পার্কে তার প্রথম বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেছেন। অন্টারিও প্লেসের পুনঃউন্নয়ন থেকে শুরু করে ওপিয়ড সংকট মোকাবিলায় প্রদেশের ভ‚মিকার মতো বিভিন্ন বিষয়ের ওপর নজর দেওয়া হয়েছে প্রতিবেদনে।
অন্টারিও প্লেসের পুনঃউন্নয়ন প্রক্রিয়া ঘিরে অন্যায্যতা খুঁজে পেয়েছেন অডিটর। এ ছাড়া সরকার এক্ষেত্রে প্রতিষ্ঠিত নিয়ম এবং কোনো স্থানের পুনঃউন্নয়ন ঘিরে যেসব উত্তম চর্চা রয়েছে সেগুলো অনুসরণ করেনি বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
এই পুনঃউন্নয়নে ব্যয় প্রাক্কলন করা হয়েছে ২২০ কোটি ডলার, যা ২০১৯ সালের প্রারম্ভিক প্রাক্কলনের পাঁচগুণের বেশি।
এ ছাড়া স্কুল অথবা চাইল্ডকেয়ার সেন্টারের ২০০ মিটারের মধ্যকার সুপারভাইজড কনজাম্পশন সাইট বন্ধের যে সিদ্ধান্ত তাও সঠিক পরিকল্পনা, প্রভাব মূল্যায়ন অথবা জনগণের সঙ্গে পরামর্শ ছাড়াই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অডিটর। এই সিদ্ধান্তের ফলে আগামী বছরের মার্চের মধ্যে ১০টি সুপারভাইজড কনজাম্পশন সাইট বন্ধ হয়ে যাবে।
সরকার বলেছে, এর পরিবর্তে তারা হোমলেসনেস অ্যান্ড আডিকশন রিকভারি ট্রিটমেন্ট (হার্ট) হাবের দিকে মনোযোগ দেবে। যদিও অডিটর বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত হার্ট হাবের ব্যাপারে প্রমাণভিত্তিক বিশ্লেষণ হাজি করেনি। এ ছাড়া প্রদেশ অন্টারিওর ২০১৬ সালের ওপিয়ড কৌশল কার্যকরভাবে বাস্তবায়নেও ব্যর্থ হয়েছে।
অন্টারিওর সর্ববৃহৎ স্কুল বোর্ড টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডও (টিডিএসবি) স্থান পেয়েছে অডিটরের বার্ষিক প্রতিবেদনে। অডিটরের প্রতিবেদনে বলা হয়েছে, টিডিএসবির শিক্ষার্থী ও কর্মীরা একটি নিরাপদ শিক্ষার পরিবেশ সব সময় পান না। নিরাপত্তা কৌশল সঠিকভাবে প্রয়োগে টিডিএসবির আরও বেশি কিছু করা উচিত। টিডিএসবিতে সহিংসতার হার প্রাদেশিক গহড়ের চেয়ে কম থাকলেও তা এ যাবৎকালের সর্বোচ্চে পৌঁছেছে। ২০১৭/১৮ থেকে ২০২২/২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত টিডিএসবিতে সহিংস ঘটনা ৬৭ শতাংশ বেড়েছে। অর্থাৎ, ২০১৭/১৮ শিক্ষাবর্ষের ২৪৪টি থেকে বেড়ে ২০২২/২৩ শিক্ষাবর্ষে ৪০৭টিতে দাঁড়িয়েছে।
ডিজিটাল উদ্যোগের পেছনে অন্টারিওর সরকার প্রায় ১০ কোটি ডলার ব্যয় করলেও তা সরকারি সেবাসমূহ কার্যকরভাবে ডিজিটাইজড করতে পারেনি। এমনটাই বলা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, সার্ভিসঅন্টারিওর অনেক সেবাই এখন পর্যন্ত ডিজিটাল হয়নি।
২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত অন্টারিও সরকারি বিজ্ঞাপন বাবদ রেকর্ড ১০ কোটি ৩৫ লাখ ডলার ব্যয় করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যা পূর্ভবর্তী বছরের তিনগুণ। ২০২২ সালে সরকারি বিজ্ঞাপন বাবদ অন্টারিও খরচ করেছিল ৩ কোটি ৩৭ লাখ ডলার।
This article was written by Rezaul Haque as part of the LJI
