
২০২৪ সালের বদান্যতার সূচকে কানাডার সব প্রদেশ ও অঞ্চলের মধ্যে সবার উপরে ছিল অন্টারিও। গোফান্ডমির র্যাংকিংয়ে এই স্বীকৃতি পেয়েছে প্রদেশটি। কমিউনিটি ফান্ডিং সাইটের মাধ্যমে গত বছর তারা ৬ কোটি ৯ লাখ ডলার সংগ্রহ করে।
গোফান্ডমি বলেছে, গত বছর অন্টারিওতে ২২ হাজার ৮৮০টি তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। এবং প্রথম ৩০ দিনে গড়ে ১ হাজার ৭৯৭ ডলার সংগৃহীত হয়।
২০১০ সালে কানাডায় সাইটটি চালু হওয়ার পর থেকে অন্টারিওতে ১ লাখ ৭৫ হাজারটি তহবিল সংগ্রহ করা হয়েছে। এর মাধ্যমে সংগৃহীত হয়েছে প্রায় ৬৩ কোটি ৩০ লাখ ডলার।
গত বছর প্রদেশে সবচেয়ে দ্রুত বর্ধনশীল শ্রেণি ছিল পরিবার ও মাসিক বিল। অন্টারিওভিত্তিক তহবিল সংগ্রহকারীদের অনুদানের ১২ শতাংশ এসেছে অন্যান্য প্রদেশের দাতাদের কাছ থেকে।
২০২৪ সালে গোফান্ডমির সবচেয়ে বদান্য কমিউনটির তালিকায় শীর্ষ ২০টি স্থানের মধ্যে ৯টিই অন্টারিও কমিউনিটি। র্যাংকিংয়ে টরন্টোর অবস্থান ১৯তম।
তালিকায় শীর্ষ ২০টি কমিউনিটি হলো ব্রিািটশ কলাম্বিয়ার ভিক্টোরিয়া, নর্থ ভ্যানকুভার, নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরের সেন্ট জহন’স, ভ্যানকুভার, মিল্টন, ব্র্যাম্পটন, ব্রিটিশ কলাম্বিয়ার কেলোনা, থান্ডার বে, নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরের মঙ্কটন, ব্রিটিশ কলাম্বিয়ার নিউ ওয়েস্টমিনিস্টার, গয়েল্ফ, হুইটবি, ব্রিটিশ কলাম্বিয়ার প্রিন্স জর্জ, কিচেনার, সাস্কেচুয়ানের রেজিনা, আলবার্টার ক্যালগেরি, পিকারিং, ওয়াটারলু, টরন্টো এবং ব্রিটিশ কলাম্বিয়ার কামলুপস।
This article was written by Rezaul Haque as part of the LJI
