
নিশ্চিত মৌলিক আয় কর্মসূচি ফেডারেল পর্যায়ে কার্যকর হলে কানাডার দারিদ্রের হার ৪০ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সরকারের ফিসক্যাল ওয়াচডগ। ১৯ ফেব্রুয়ারি প্রকাশিত নতুন এক প্রতিবেদনে সংসদীয় বাজেট কর্মকর্তা ইভস জিরো বলেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে সর্বনিম্ন আয় শ্রেণির কানাডিয়ান পরিবারগুলো প্রতি বছর গড়ে ৬ হাজার ১০০ আয় প্রত্যাশা করতে পারে।
উচ্চ আয়ের পরিবারগুলোর আয় কমতে পারে। এর কারণ মৌলিক আয় সহায়তা বাস্তবায়ন করতে গিয়ে কর ব্যবস্থায় পরিবর্তন আনা।
প্রতিবেদনে বলা হয়েছে, যোগ্য পরিবারগুলোকে চেক পাঠানোর ফলে ২০২৫ সালে ব্যয় দাঁড়াবে ১০ হাজার ৭০০ কোটি ডলার। এই ব্যয়ে বড় অংশই পুষিয়ে যাবে নিম্ন আয়ের কানাডিয়ানদের লক্ষ্য করে যে ট্যাক্স ক্রেডিট হ্রাস বা পরিবর্তন তার মাধ্যমে।
সংসদীয় বাজেট কর্মকর্তা বলেছেন, ঠিক কী ধরনের মডেল ব্যবহার করা হবে তার ভিত্তিতে ফেডারেল সরকারের নিট খরচ ৩৬০ কোটি থেকে ৫০০ কোটি ডলারের মধ্যে হবে।
সংসদীয় বাজেট কর্মকর্তার বিশ্লেষণ বলছে, নিশ্চিত আয় গ্রহীতাদের কর্মঘণ্টা সামান্য কমে আসবে। সেটা সর্বোচ্চ ১ দশমিক ৪ ঘণ্টা পর্যন্ত হতে পারে।
বিশ্লেষণটি করা হয়েছে অন্টারিওর ২০১৭ সালের মৌলিক আয় সংক্রান্ত পরীক্ষামূলক প্রকল্পের ভিত্তিতে, যেখানে ভিত্তি হিসেবে ধরা হয়েছে একক পরিবারকে। এই পরিবারের সদস্য হিসেবে রয়েছেন একজন ব্যক্তি এবং তার স্বামী বা স্ত্রী অথবা কমন-ল পার্টনার। সেই সঙ্গে তাদের ১৮ বছরের কম বয়সী সন্তানরা।
This article was written by Rezaul Haque as part of the LJI
