
অন্টারিওর অন্যতম একচিট বড় কলেজ পোস্ট সেকেন্ডারি পর্যায়ে বহু প্রোগ্রাম স্থগিত করছে। ফেডারেল সরকার কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থী কমিয়ে আনায় পদক্ষেপ নিচ্ছে কলেজটি।
সেন্টেনিয়াল কলেজ কর্তৃপক্ষ বলেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৪৯টি পূর্ণকালীন প্রোগ্রামে তারা শিক্ষার্থী ভর্তি করবে না। এর মধ্যে ১৬টি প্রোগ্রাম তাদের বিজনেস স্কুলের, ১৪টি মিডিয়া স্কুলের এবং সাতটি ইঞ্জিনিয়ারিং স্কুলের। তবে এরই মধ্যে যেসব শিক্ষার্থী এসব প্রোগ্রামে ভর্তি হয়েছেন তাদের ওপর এর কোনো প্রভাব পড়বে না এবং এসব প্রোগ্রামে তারা গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে পারবেন।
কলেজের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রেইগ স্টিফেনসন বলেন, ফেডারেল সরকারের অভিবাসন নীতির সঙ্গে মানিয়ে নিচ্ছে ইনস্টিটিউশন। ফেডারেল সরকারের এই নীতির কারণে আন্তর্জাতিক শিক্ষার্থী ব্যাপক কমেছে, যা স্কুলের আর্থিক অবস্থার ওপর প্রভাব ফেলছে।
চলতি শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি ৪৩ শতাংশ হ্রাস পাবে বলে ধারণা করছে কলেজ কর্তৃপক্ষ। এর ফলে তাদের আন্তর্জাতিক শিক্ষার্থী ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তুলনায় পাঁচ হাজারের মতো কমবে। স্টিফেনসন এক বিবৃতিতে বলেন, ফেডারেল অভিবাসন নীতির পরিবর্তনের সঙ্গে তারা নিজেদের খাপ খাইয়ে নিচ্ছে, যার তাৎপর্যপূর্ণ প্রভাব পড়েছে আমাদের শিক্ষার্থী ভর্তি এবং আর্থিক অবস্থার ওপর।
স্টিফেনসন বলেন, প্রোগ্রাম স্থগিতের কারণে চাকরিচ্যুতি অবসম্ভাবী। তবে কলেজ এই পরিবর্তন আনছে এর দীর্ঘমেয়াদী টেকসই নিশ্চিত করতে।
গত বছরের শুরুর দিকে আন্তর্জাতিক শিক্ষার্থী কমানোর ব্যাপারে অটোয়ার ঘোষণার পর দেশব্যাপী কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো প্রোগ্রাম কমিয়ে আনছে। তারই ধারাবাহিকতা হিসেবে সেন্টেনিয়াল কলেজ এই ঘোষণা দিয়েছে।
This article was written by Rezaul Haque as part of the LJI
