
কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধের মধ্যে মন্ট্রিয়লের মেয়র ভ্যালেরি প্ল্যান্ট এবং অন্টারিওর সেন্ট ক্যাথারিন্সের মেয়র ম্যাট সিস্কোকে হোয়াইট হাউসের বৈঠকে ডাকা হয়নি। যারা এই বৈঠকের অনুরোধ জানিয়েছিলেন তাদের তরফ থেকেই এমনটা জানা গেছে।
গ্রেট লেকস ও সেন্ট লরেন্স সিটিজ ইনিশিয়েটিভ আয়োজিত এক জমায়েতে অংশ নেওয়ার জন্য এই দুই মেয়র ওয়াশিংটন ডিসিতে ছিলেন। এটি মিউনিসিপাল ও আদিবাসী সরকারি নেতাদের একটি গ্রুপ, যা সীমান্তের উভয় পাশের অঞ্চলের প্রতিনিধিত্বকারী।
প্ল্যান্ট, সিস্কো এবং আমেরিকান সিটির একজন মেয়রের নাম শুকবারের বৈঠকের আগে এ সপ্তাহের গোড়ার দিকে জমা দেওয়া হয়েছিল। তিনটি নাম সরবরাহ করার পর পরিকল্পিত বৈঠকের মাত্র ৪৮ ঘণ্টা আগে সিটিজ ইনিশিয়েটিভ ২০২৫ সালের ৫ মার্চ প্রথমবারের মতো জানতে পারে যে, কূটনৈতিক প্রটোকলের কারণে কানাডিয়ান মেয়রদের অনুরোধ প্রক্রিয়াকরণের জন্য সময় হাতে নেই।
এর পরিবর্তে তিনজন আমেরিকান মেয়র হোয়াইট হাউসের বৈঠকে অংশ নেবেন। হোয়াইট হাউস থেকে কারা বৈঠকে অংশ নেবেন জানতে চাইলে সিটিজ ইনিশিয়েটিভের একজন মুখপাত্র বলেন, বিষয়টি গোপনীয়।
বহ বছর ধরেই বার্ষিক গ্রেট লেকস ডের অনুষ্ঠানে সিটিজ ইনিশিয়েটিভের যুক্তরাষ্ট্র ও কানাডিয়ান মেয়ররা হোয়াইট হাউজের বৈঠকে নিয়মিত অংশ নিয়ে আসছেন। একই সময়সীমার মধ্যেই তারা অংশ নিয়ে আসছিলেন এবং তাতে কোনো বাধ সৃষ্টি হয়নি। এমনটাই জানিয়েছে গ্রুপটি। বৈঠকে গুরুত্ব দেওয়া হয় সাধারণত গ্রেট লেকস ও সেন্ট লরেন্স রিভার বেসিন সংরক্ষণের ওপর।
শুক্রবারের বৈঠকটি হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডিয়ান পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ এবং কানাডার প্রতিশোধমূলক শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে। তবে কানাডা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো চুক্তি মেনে চলার স্বার্থে গাড়ি শিল্প সংক্রান্ত কিছু পণ্যের ওপর শুল্ক আরোপ ২ এপ্রিল পর্যন্ত পেছানো সংক্রান্ত একটি আদেশে বৃহস্পতিবার স্বাক্ষর করেন ট্রাম্প। সেই সঙ্গে পটাশের ওপর শুল্ক ১০ শতাংশে নামিয়ে আনেন।
This article was written by Rezaul Haque as part of the LJI
