টরন্টোতে জমজমাট ৮ম বাংলাদেশ ফেস্টিভ্যাল

টরন্টোতে জমজমাট ৮ম বাংলাদেশ ফেস্টিভ্যাল

সাপ্তাহিক বাংলামেইল ও এনআরবি টিভির কর্ণধার শহীদুল ইসলাম মিন্টুর আয়োজনে গত শনিবার টরন্টোতে অনুষ্ঠিত হলো ৮ম বাংলাদেশ ফেষ্টিভল। বরাবরের মতই সফল একটি আয়োজন ছিল সন্দেহ নেই। বরাবরের মতই এবারো একটি বিষয় অন্তর্ভুক্ত ছিল তা হলো একজন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান। এটি একটি প্রশংসিত বিষয়। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। কিছুদিন পরে হয়তো আর কোন জীবিত মুক্তিযোদ্ধাকে খুঁজে পাওয়া যাবে না যাকে মঞ্চে ডেকে সংবর্ধনা দেয়া যাবে। সে কারণেই আমাদের উচিত প্রকৃত মুক্তিযোদ্ধা যাদের বয়স সত্তরের উপর তাদেরকে যথাযথ সম্মান দেয়া।

যিনি সংবর্ধিত হলেন তিনি স্বভাবতই সংক্ষেপে বক্তব্য দিয়ে জয়বাংলা এবং জয় বঙ্গবন্ধু বলে বক্তব্য শেষ করলেন। দর্শক সারি থেকে কিছু লোক হাততালি দিলেন এবং উচ্ছ্বাস প্রকাশ করলেন। বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে এটাই টরন্টোতে প্রথম একটি সার্বজনীন অনুষ্ঠান যেখানে গণঅভ্যুত্থানের পক্ষের এবং বিপক্ষের লোকজন সমবেত হয়েছেন। চারিদিকে তাকালাম। সবকিছুই শান্ত মনে হলো। মঞ্চে অবস্হানরত কানাডার হাইকমিশনার মনে হলো বিষয়টা নিয়ে এক মুহুর্ত ভাবলেন। দ্রুত মাইক হাতে নিয়ে ১৯৭১ এর সাথে সাথে ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদেরও স্মরণ করলেন। তখনও দর্শক সারিতে কারো কোন পক্ষ বিপক্ষ শব্দ নেই। বিষয়টা ভাল লাগলো। মঞ্চ থেকে নেমে আসার সময় তাকে ধন‍্যবাদ দিলাম। ভাল একটা কাজ সময়মত  করেছেন বলে হাইকমিশনারের মুখে আত্মতৃপ্তি দেখলাম। টরন্টোর দর্শকরা এতটা টলারেন্ট ভেবে আমি নিজেও খুব খুশী হলাম।

- Advertisement -

কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন এবার দিয়ে দু’বার এলেন বাংলাদেশ ফেস্টিভ্যালে। ২০১৭ এবং ২০২৫। এই বয়সেও একটানা ক্লান্তিহীন দশ বারটি গান গেয়ে হলভর্তি দর্শক শ্রোতাদেরকে মুগ্ধ করলেন। দর্শকরাও সবাই একযোগে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন বাংলাদেশের অসংখ‍্য কালজয়ী গানের কোকিল কন্ঠী প্রিয় শিল্পীকে। কে জানে আর কখনো কবে কোথায় আদৌ আর দেখা হবে কিনা!

আশির দশকে টেলিভিশনে রাত ন টার বাংলা সংবাদ শুরুর আগে দেশের শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে প্রিয় শিল্পীর গাওয়া সেই ‘সব কটা জানালা খুলে দাওনা, ওরা আসবে চুপি চুপি…’ বিড়বিড় করতে করতে হল থেকে বের হয়ে যখন খোলা আকাশের নীচে দাঁড়িয়ে জোৎস্নাভরা আকাশের দিকে তাকাতে তাকাতে গাড়ির দিকে যাই তখন রাত সাড়ে এগারোটা।

- Advertisement -

Read More

Recent