
বঙ্গবন্ধুর দূর্ভাগ্য, সংসদে তিনি কোন শক্তিশালী বিরোধীদল পান নি। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক তেমন এক দাবি নিয়ে বঙ্গবন্ধুর সাথে দেখা করেছিলেন এবং বিরোধীদল সৃষ্টির লক্ষে আওয়ামী লীগের তরফ থেকে ১৯৭৩ সালের সংসদ নির্বাচনে অন্তত একশত আসনে পার্থী না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। আব্দুর রাজ্জাক আক্ষেপ করে লিখেছিলেন, “শেখ একটা সুযোগ হারালো।”
আমার মতে, বাংলাদেশ সুযোগ হারালো।
বাংলাদেশ দ্বিতীয়বার সুযোগ পেয়েছিল ১৯৯১ সালে। বিএনপি সুযোগটি কাজে লাগায়নি। তৃতীয়বার সুযোগ পেয়েছিল ১৯৯৬ সালে, সেবার সুযোগ কাজে লাগায়নি আওয়ামী লীগ।
কী সেই সুযোগ?
শক্তিশালী বিরোধী দল। অধ্যাপক রাজ্জাকের বাসনা মেটাতে না; বরং, জনগণের প্রত্যক্ষ ভোটের ফলাফলে সরকারি দলের পাশাপাশি শক্তিশালী বিরোধীদলের প্রয়োজন মিটিয়েছে বাংলাদেশ। কিন্তু, দূর্ভাগ্য বাংলাদেশের। কেউ-ই জনমত বুঝতে পারেনি।
রাজনীতি যদি হয় জনমতের খেলা, তো বিরোধী দল হচ্ছে সেই জনমতের ভিন্নতর প্রতিফলন। ১৯৯১ কিংবা ১৯৯৬ সালের নির্বাচনে সরকারি এবং বিরোধীদলের প্রাপ্ত ভোটের পরিমান ছিল খুব কাছাকাছি; শুধুমাত্র সংসদে বেশি আসন লাভ করার কারনে একদল সরকারে, আর কম আসন পাওয়ার কারণে অপরদল বিরোধী দল। জনগণের তরফ থেকে বার্তাটা ছিল পরিষ্কার: তোমরা জাতীয় সমঝোতার ক্ষেত্র তৈরী করো, বাপধন! সন্দেহ নাই, তা গুরুতর দায়িত্ব; কিন্তু, রাজনীতির কাজই তো তাই, পলিটিক্স ইজ দ্যা আর্ট অব নেগোশিয়েনস।
২০২৪ সালের বাস্তবতাটা আগের যে কোন সময়ের চেয়ে ভিন্ন। ইউনুসের তরফে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার বন্দোবস্ত পাকা। বিএনপি এই বন্দোবস্ত ভেঙে নতুন বন্দোবস্তে যেতে না পারলে তাদের পক্ষে সরকারে বসাটা হবে ২০১৪ পরবর্তী বাংলাদেশের থেকেও ভয়াবহ। তখন অল্পসংখ্যক আসন নিয়ে জাতীয় পার্টি তথাকথিত বিরোধীদলের ভূমিকায়। আর মাঠে বিরোধী দল ছিল বিএনপি, টিভির টক-শোতে তাদের সরব উপস্থিতি বিরোধীদলের অভাব মেটাতো সন্দেহ নাই। কিন্তু, তাতে করে জাতীয় সমঝোতার ক্ষেত্রটা অবহেলিতই থেকে গেছে।
একইভাবে, আগামী নির্বাচনে অল্পসংখ্যক আসন নিয়ে জামাত হবে তথাকথিত বিরোধী দল। জনমতের দিক থেকে মাঠে বিরোধী দল থাকবে নিষিদ্ধ আওয়ামী লীগ। বিএনপি যদি ইউনুসের পথ অনুসরণ করে দেশের পত্র-পত্রিকা, রেডিও টিভিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখে, তাহলে নিশ্চিত থাকতে পারেন, সামাজিক মিডিয়া পুরোটাই আওয়ামী লীগের দখলে চলে যাবে। একবার ভাবুন তো, সেই সরকারকে কী পরিমান ট্রলের মুখে পড়তে হবে! বিএনপি কি জানে জামাত তাদের ঘাড়ে কী রাখতে চাচ্ছে?
ক্যালগেরি, আলবার্টা
