
কুইয়ার এবং ট্রান্সজেন্ডার লোকজন প্রায় শত বছর ধরে টরন্টো আইল্যান্ডের হানলান’স পয়েন্ট বিচে সমবেত হয়ে আসছেন, যা এটিকে বিশে^র সবচেয়ে পুরোনো টিকে থাকা এলজিবিটিকিউ২এস+ স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে। কানাডা পোস্টের ইস্যুকৃত নতুন ডাকটিকিটে এই ইতিহাস এখন স্বীকৃতি পেল।
কানাডায় কুইয়ার এবং ট্রান্সজেন্ডার আন্দোলনে চারটি ঐতিহাসিক ঘটনার সম্মানে সম্প্রতি প্রাইড মান্থ চালু করে কানাডা পোস্ট। ১৯৩০ সাল থেকে হানলান’স পয়েন্ট বিচ এলজিবিটিকিউ২এস লোকজনের সমবেত হওয়ার স্থান হিসেবে টিকে আছে। ১৯৭১ সালে টরন্টোর প্রথম গে পিকনিক এখানেই অনুষ্ঠিত হয়। এটাকেই কানাডার ইতিহাসে প্রথম বৃহৎ পরিসরে কুইয়ার উদযাপন হিসেবে দেখা হয়। একইসঙ্গে এটা দেশের প্রথম প্রাইড উদযাপনও।
‘উই ডিমান্ড’ চিঠি চূড়ান্ত করতে সারাদেশ থেকে এলজিবিটিকিউ২এস সংগঠনগুলো সমবেত হওয়ার পর এই পিকনিক অনুষ্ঠিত হয়। ওই চিঠিতে কুইয়ার এবং ট্রান্সজেন্ডারদের নিয়ে ফেডারেল আইন ও নীতিতে পরিবর্তনের দাবি জানানো হয়।
ফ্রেন্ডস অব হানলান’সের ট্রাভিস মেয়ার্স সিটিভি নিউজকে বলেন, বহু দশক ধরে কানাডিয়ান কুইয়ার অভিজ্ঞতার এমন কোনো অংশ নেই যারা কোনো না কোনোভাবে এই স্থানের স্পর্শ পায়নি। কুইয়ার রেসিয়াল জাস্টিস গ্রুপ ৮০ ও ৯০ এর দশকে এখানে সমবেত হয়েছিল। এইডস যখন ব্যাপকভাবে বিস্তৃত হচ্ছে তখন সংগঠনগুলো এখান থেকে তহবিল সংগ্রহ করেছে। এমন কি কুইয়ার ধর্মীয় গ্রুপগুলোও এখানে গোপনে সমবেত হয়েছে।
বর্ণিল এই ডাকটিকিটটির অলঙ্করণ করেছেন কুইয়ার শিল্পী টিম সিঙ্গেলটন এবং এতে এই স্থানের ইতিহাসের প্রতিচ্ছবি রয়েছে। ডাকটিকিটটিতে রয়েছে ১৯৭০ এর দশকের স্টাইলে গোফওয়ালা শার্টখোলা একজন ব্যক্তির ছবি। তার বাহু আরেকজনকে জড়িয়ে ধরে আছে, যা একই ধরনের অন্তরঙ্গতার নির্দেশ করে।
