
অন্টারিও প্রদেশে ফুড ব্যাংক ব্যবস্থার ওপর চাপ এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গ্রোসারি পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বাড়তে থাকায় অভাবী মানুষের সংখ্যা বেড়েই চলেছে। ফুড ব্যাংক কানাডার সর্বশেষ দি হাঙ্গারকাউন্ট (The HungerCount) প্রতিবেদনে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে যে, বর্তমান অবস্থায় ফুড ব্যাংক ব্যবস্থা আর দীর্ঘমেয়াদে টেকসই নয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে অন্টারিওতে প্রতি মাসে গড়ে ৭ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ ফুড ব্যাংকের সাহায্য নিয়েছেন যা ২০১৯ সালের তুলনায় ১২৫ শতাংশ বেশি। এই প্রবৃদ্ধিকে সংস্থাটি “ইতিহাসের সবচেয়ে দ্রুত বৃদ্ধি” বলে উল্লেখ করেছে।
ফুড ব্যাংক কানাডার প্রধান নির্বাহী কর্মকর্তা কির্স্টিন বিয়ার্ডসলে সিটিভি নিউজ টরন্টোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ অন্টারিওতে যে পরিমাণ মানুষ এখন নিয়মিত খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে, এই সংখ্যাই সেই বাস্তবতার নির্মম প্রতিফলন। শুধু অন্টারিও নয় সারা দেশজুড়েই একই প্রবণতা দেখা যাচ্ছে।”
তিনি আরও বলেন, “ফুড ব্যাংকগুলো মূলত সাময়িক সহায়তার জন্য গড়ে তোলা হয়েছিল যাদের অল্প সময়ের জন্য আর্থিক সংকট দেখা দেয়, তারা যাতে কিছুদিনের জন্য খাদ্য সহায়তা পান। কিন্তু এখন মানুষকে প্রতি মাসেই এখানে আসতে হচ্ছে, কারণ তাদের অন্য কোনো বিকল্প নেই। এটি এক ভয়াবহ সামাজিক সংকেত। ফুড ব্যাংককে কখনোই স্থায়ী সামাজিক সুরক্ষার অংশ হিসেবে দেখা হয়নি।”
প্রতিবেদনটি আরও জানায়, ২০২৫ সালের মার্চ মাসে কানাডা জুড়ে মাসিক ফুড ব্যাংক পরিদর্শনের সংখ্যা পৌঁছেছে প্রায় ২২ লাখে। এটি ২০২৪ সালের মার্চের তুলনায় ৫ শতাংশ বেশি এবং কোভিড-১৯ মহামারির আগের সময় অর্থাৎ ২০১৯ সালের মার্চের তুলনায় প্রায় দ্বিগুণ। এমন প্রবৃদ্ধি শুধু অর্থনৈতিক মন্দা বা মুদ্রাস্ফীতির ফল নয়, বরং একটি গভীর সামাজিক সমস্যা যেখানে মধ্যবিত্ত শ্রেণিও এখন ফুড ব্যাংকের সহায়তার দিকে ঝুঁকছে।
বিশ্লেষকদের মতে, কানাডায় সাম্প্রতিক বছরগুলোতে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি অভূতপূর্ব মাত্রায় পৌঁছেছে। বিশেষত দুগ্ধজাত পণ্য, শস্য, ফলমূল ও শাকসবজির দাম গত তিন বছরে প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে। অপরদিকে, অনেকের আয় সেই অনুপাতে বাড়েনি।
সামাজিক নীতিবিশ্লেষকরা বলছেন, কর্মসংস্থানের অনিশ্চয়তা, আবাসন ব্যয়বৃদ্ধি এবং সরকারি সামাজিক সহায়তা কর্মসূচিগুলোর সীমাবদ্ধতা একত্রে মানুষকে ফুড ব্যাংকের ওপর নির্ভরশীল করে তুলছে।
ফুড ব্যাংক কানাডার সিইও বিয়ার্ডসলে বলেন, এখন প্রয়োজন সরকার ও সমাজের যৌথ উদ্যোগে দীর্ঘমেয়াদী সমাধান তৈরি করা। তিনি উল্লেখ করেন, “আমাদের এমন একটি সামাজিক কাঠামো দরকার, যেখানে মানুষ ফুড ব্যাংকের ওপর নয়, বরং নিজেদের আয়ে জীবনধারণ করতে পারবে। ফুড ব্যাংক হলো সাময়িক সহায়তার প্রতীক, কিন্তু এখন এটি প্রায় স্থায়ী নির্ভরতায় পরিণত হয়েছে যা কানাডার মতো সমৃদ্ধ দেশের জন্য উদ্বেগজনক।”
অন্টারিওসহ কানাডার অন্যান্য প্রদেশে ফুড ব্যাংকের ওপর ক্রমবর্ধমান চাপ কেবল অর্থনৈতিক সংকট নয়, এটি সামাজিক সুরক্ষার দুর্বলতার প্রতিচ্ছবি। যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় খাদ্য নিরাপত্তা, জীবনযাত্রার মান ও সামাজিক স্থিতিশীলতা সবই গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
