
অন্টারিওর আদালতে একটি গুরুত্বপূর্ণ আইনি যুদ্ধে ফোর্ড সরকার নিজেদের পক্ষে রায় পেয়েছে। বুধবার প্রকাশিত অন্টারিও আপিল কোর্টের সংখ্যাগরিষ্ঠ রায় অনুযায়ী, কানাডার বাইরে বসবাসকারী ব্যবহারকারীরা যদি অনলাইন গেমিং বা স্পোর্টস বেটিংয়ে অংশ নেওয়ার অনুমতি পান, তবে তা কানাডার ফৌজদারি বিধি অনুযায়ী সম্পূর্ণ বৈধ হবে।
২০২৪ সালে অন্টারিও সরকার প্রদেশের অনলাইন গেমিং কাঠামোকে কেন্দ্র করে আদালতের কাছে আইনি ব্যাখ্যা চেয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই আপিল কোর্ট এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেয়, যা ভবিষ্যতে অনলাইন গেমিং শিল্পে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অন্টারিওর বর্তমান ইন্টারনেট গেমিং ও স্পোর্টস বেটিং কাঠামো পরিচালনা করে সরকারি কর্পোরেশন iGaming Ontario। এই সংস্থার সঙ্গে বেসরকারি অপারেটররা চুক্তির মাধ্যমে অনলাইন ক্যাসিনো গেম যেমন স্লট, ব্ল্যাকজ্যাক, রুলেট এবং বিভিন্ন ধরনের স্পোর্টস বেটিং সেবা চালায়।
তবে এখন পর্যন্ত এই অপারেটররা শুধু অন্টারিও প্রদেশের বাসিন্দাদের নির্দিষ্ট সীমার মধ্যে সেবা দিতে পারছিল। প্রদেশের বাইরে, বিশেষ করে কানাডার বাইরের গ্রাহকদের অংশগ্রহণে ছিল বিধিনিষেধ।
আদালতের নতুন রায় বলছে, আইনি কাঠামোতে কোনো বাধা নেই যদি অন্টারিওর লাইসেন্সপ্রাপ্ত অপারেটররা কানাডার বাইরের খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ করে দেয়। এর ফলে বেসরকারি অনলাইন গেমিং অপারেটরদের জন্য একটি বিশাল নতুন বাজার খুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের ফলে প্রদেশের অনলাইন গেমিং খাতে রাজস্বও উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।
কানাডার অন্য চারটি প্রদেশের লটারি কর্পোরেশনগুলোর একটি জোট অন্টারিওর এই গেমিং কাঠামোর বিরোধিতা করে আসছে। তাদের যুক্তি বেসরকারি অপারেটরদের প্রসার বাড়লে সরকারি লটারি ও বৈধ জুয়া ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।
অন্টারিওর অ্যাটর্নি জেনারেল মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি এখনো আপিলের পর্যায়ে থাকায় তারা এ বিষয়ে মন্তব্য করতে প্রস্তুত নয়।
তবে আদালতের রায় অন্টারিওর গেমিং নীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা ভবিষ্যতে প্রদেশের আর্থিক ও নিয়ন্ত্রক কাঠামোর ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।
