ওপিপির ইতিহাসে সর্ববৃহৎ ফেন্টানাইল জব্দ

অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ ওপিপি তাদের কার্যক্রমের ইতিহাসে সবচেয়ে বড় ফেন্টানাইল জব্দের ঘটনা ঘোষণা করেছে

অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ (ওপিপি) তাদের কার্যক্রমের ইতিহাসে সবচেয়ে বড় ফেন্টানাইল জব্দের ঘটনা ঘোষণা করেছে। একইসঙ্গে উইন্ডসর-কেন্দ্রিক একটি শক্তিশালী মাদক চোরাচালান নেটওয়ার্ক ভেঙে দিয়ে লাখ লাখ ডলার মূল্যের অবৈধ মাদক রাস্তায় ছড়িয়ে পড়া থেকে আটকানো সম্ভব হয়েছে।

“প্রজেক্ট রোথারহাম” নামের বিশেষ তদন্তটি শুরু হয় ২০২৪ সালে। ওপিপির নেতৃত্বে পরিচালিত এই তদন্তে অংশ নেয় উইন্ডসর পুলিশ সার্ভিস (ডবিøউপিএস)। দীর্ঘ পর্যবেক্ষণ, গোয়েন্দা তথ্য এবং নজরদারির মাধ্যমে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের দুই গুরুত্বপূর্ণ সদস্যকে শনাক্ত করতে সক্ষম হয়।

- Advertisement -

২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর সকালে কর্মকর্তারা উইন্ডসর এলাকার বিভিন্ন স্থানে সমন্বিত অভিযান পরিচালনা করেন। আবাসিক ভবনে তিনটি তল্লাশি পরোয়ানা এবং উইন্ডসরের বিভিন্ন স্থানে তিনটি যানবাহনে তল্লাশি। এই প্রাথমিক অভিযানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরে আরও কয়েকটি আবাসিক স্থাপনাতেও অতিরিক্ত তল্লাশি চালানো হয়। এই ধারাবাহিক অভিযানে যে পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে, তা ওপিপির ইতিহাসে নজিরবিহীন।

তল্লাশি চালিয়ে কর্মকর্তারা যে পরিমাণ মাদক উদ্ধার করেন তার তালিকা বিস্ময়কর। যার মধ্যে রয়েছে – ৪৬ কেজি সন্দেহজনক ফেন্টানাইল (যা ওপিপির ইতিহাসে সর্বোচ্চ), ৩.৪ কেজি কোকেন, ১ কেজি হেরোইন, ১৮১ কেজি অতিরিক্ত কোকেন, ৪,৫০০টির বেশি হাইড্রোমরফিন ট্যাবলেট, ১৯০টি অক্সিকোডোন ট্যাবলেট, ৩৬০টি মরফিন ট্যাবলেট, ৪৭০টি বেনজোডিয়াজেপিন ট্যাবলেট, ৩৫টি অ্যাম্ফেটামিন ট্যাবলেট, গোলাবারুদসহ দুটি আগ্নেয়াস্ত্র, বডি আর্মার ও কলাপসিবল ব্যাটন, মাস্টার কি ভেহিকল প্রোগ্রামার ও ব্যাংক কি, ১,৭০,০০০ কানাডিয়ান ডলারের বেশি নগদ অর্থ, ২২০ মার্কিন ডলার, বিলাসবহুল জুয়েলারি, ডিজিটাল স্কেল ও মাদক উৎপাদন-সংক্রান্ত সরঞ্জাম এবং ২৪টি মোবাইল ফোন, যা যোগাযোগ ও চোরাচালান সমন্বয়ে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে। পুলিশের হিসাবে এসব মাদকের মোট বাজারমূল্য প্রায় ৬৫ লাখ কানাডিয়ান ডলার।

তদন্তকারীরা জানিয়েছেন, জব্দ হওয়া ফেন্টানাইল প্রায় ৪ লাখ ৬০ হাজার ডোজের সমতুল্য। এই পরিমাণ ডোজ একটি মধ্যম আকারের কানাডিয়ান শহরের সমগ্র জনসংখ্যাকে মৃত্যুঝুঁকিতে ফেলতে পারে। ল্যাবরেটরি বিশ্লেষণে দেখা গেছে, জব্দকৃত ফেন্টানাইলের সঙ্গে আরও কিছু উপাদান মিশ্রিত ছিল যা এর প্রাণঘাতী ক্ষমতা আরও বাড়াতে পারত।

কর্তৃপক্ষ বলেছে, এই অভিযান শুধু একটি সংগঠিত অপরাধী চক্রকে ধ্বংস করেনি, বরং সম্ভাব্য অগণিত মর্মান্তিক মৃত্যুর পথও রুদ্ধ করেছে। ওপিপি ও উইন্ডসর পুলিশ উভয় সংস্থাই এটিকে তাদের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছে।

“প্রজেক্ট রোথারহাম”-এর সফলতা কানাডায় ক্রমবর্ধমান মাদক সংকট মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সক্রিয়তা ও সক্ষমতার একটি শক্ত প্রমাণ। এই অপারেশন শুধু মাদক জব্দ নয়, বরং একটি সুসংগঠিত অপরাধী চক্রের ভিত্তি নস্যাৎ করার গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে।

- Advertisement -

Read More

Recent