
গ্যারান্টিড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট (জিআইসি) নিরাপদ বিনিয়োগের নাম উঠলে প্রথম সারিতে থাকে এটি। স্থায়ী রিটার্ন, ঝুঁকিহীন আয় এবং সরকারি নিয়মকানুনের কড়া নিয়ন্ত্রণ সব মিলিয়ে কানাডার বিনিয়োগকারীদের কাছে জিআইসি দীর্ঘদিন ধরেই নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত। কিন্তু সেই নিরাপত্তার পতাকা নিয়েই এখন ঘটছে চরম প্রতারণা।
পিল রিজিয়নাল পুলিশ জানিয়েছে, নকল জিআইসি সার্টিফিকেট বিক্রি করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে একাধিক প্রতারক চক্র। তাদের সতর্কবার্তার কেন্দ্রে রয়েছে অনলাইনে তৈরি করা ভুয়া ব্যাংকিং ওয়েবসাইট যেগুলো দেখতে হুবহু বৈধ আর্থিক প্রতিষ্ঠানের মতো।
পুলিশের ফ্রড ব্যুরো জানায়, গত তিন বছরে বহু নাগরিক অভিযোগ করেছেন যে তারা তথাকথিত ‘জিআইসি বিনিয়োগে’ অংশ নিয়ে বড় অঙ্কের টাকা হারিয়েছেন। অভিযোগগুলো বিশ্লেষণ করে তদন্তকারীরা দেখেছেন, প্রায় সব মামলায় একই ধরনের কৌশল ব্যবহার করেছে প্রতারকরা।
তদন্তের তথ্য অনুযায়ী, ঘটনার শুরু হয় সাধারণত অনলাইন সার্চ থেকে। যারা নিরাপদ বিনিয়োগ হিসেবে জিআইসি খুঁজছিলেন, তাদের ব্রাউজার–ফলাফলের মধ্যেই হাজির হয় সতর্কভাবে বানানো কিছু ক্লোন ওয়েবসাইট। এগুলোতে বৈধ ব্যাংকের লোগো, রঙ, বিনিয়োগ শর্ত সব কিছুই এমনভাবে ডিজাইন করা যে কোনো সাধারণ বিনিয়োগকারী সহজে বুঝতেই পারেন না যে এগুলো নকল।
এরপর ভুক্তভোগী যখন সাইটে নিজের যোগাযোগের তথ্য দেন, প্রতারকরা নিজেদের ‘বিনিয়োগ পরামর্শক’ বা ব্যাংক কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে তার সঙ্গে যোগাযোগ করে। তাদের পাঠানো ইমেইলও প্রকৃত প্রতিষ্ঠানের ঠিকানার মতোই সাজানো থাকে, তাই সন্দেহ হওয়ার সুযোগ খুবই কম।
প্রতারকরা শুধু কথায় নয় নকল বিনিয়োগ নথিও পাঠায়, যা দেখতে আসল জিআইসি সার্টিফিকেটের মতোই। ভুক্তভোগীকে নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং অর্থ জমা পড়ার পর একটি ‘প্রাপ্তিস্বীকার’ ইমেইলও পাঠানো হয়। এসব নথি এতটা বিশ্বাসযোগ্য যে অনেকেই মনে করেন যে তারা সত্যিই নিরাপদ বিনিয়োগ করেছেন।
কিন্তু বিনিয়োগের অল্প কিছুদিন পরই ঘটে আসল বিপর্যয় প্রতারকদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফোন নম্বর বন্ধ, ইমেইল ডেড, ওয়েবসাইট অচল। শেষমেশ যখন ভুক্তভোগীরা প্রকৃত আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন, তখনই সত্য সামনে আসে তাদের নামে কোনো বিনিয়োগই হয়নি।
পিল রিজিয়নাল পুলিশ বলছে, এই প্রতারণাগুলো অত্যন্ত সুসংগঠিত এবং প্রযুক্তি-নির্ভর। ক্লোন ওয়েবসাইট শনাক্ত করা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। তাই তারা কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা দিয়েছে যেমন – অনলাইন সার্চ থেকে পাওয়া লিংকে ঢুকে বিনিয়োগ করবেন না; ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট নিজে টাইপ করে প্রবেশ করুন। কোনো বিনিয়োগ পরামর্শক যোগাযোগ করলে তার পরিচয় স্বাধীনভাবে যাচাই করুন। সন্দেহজনক ইমেইল ঠিকানা, বানান ভুল, অস্বাভাবিক রিটার্ন এসব দেখলে সতর্ক হোন। কোনো আর্থিক লেনদেনের আগে প্রতিষ্ঠানের অফিসে সরাসরি কল করুন।
কানাডার নিরাপদ বিনিয়োগ বাজারেও যে প্রতারণার ছায়া ঘনিয়ে আসছে, এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। প্রযুক্তি যত এগোচ্ছে, প্রতারণার কৌশলও ততই নিখুঁত হচ্ছে। এজন্য সচেতনতা এখন সময়ের দাবি। পিল পুলিশের এই সতর্কতা সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা কোনো বিনিয়োগই শতভাগ নিরাপদ নয়, যদি না সতর্ক থাকা যায়।
