
টরন্টোর নর্থ ইয়র্ক এলাকায় একাধিক গাড়ির টায়ার ইচ্ছাকৃতভাবে ফুটো করার ঘটনার পর স্থানীয় গাড়িচালকদের তাদের যানবাহন পরীক্ষা করে দেখার আহ্বান জানিয়েছে টরন্টো পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮টার দিকে জেন স্ট্রিট ও উইলসন এভিনিউ এলাকার কাছে দায়িত্ব পালনকালে কর্মকর্তারা এক ব্যক্তিকে ধারালো বস্তু দিয়ে একটি গাড়ির টায়ার ফুটো করতে দেখেন। একই স্থানে পাশের আরেকটি গাড়ির চাকাও হাওয়াবিহীন অবস্থায় পাওয়া যায়, যা থেকে সন্দেহ আরও জোরালো হয়।
ঘটনাস্থলেই অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর প্রাথমিক তদন্তে জানা যায়, একই এলাকায় আরেকজন চালক নিজের অজান্তেই ফুটো টায়ার নিয়ে পাশের একটি হাইওয়েতে গাড়ি চালিয়ে যান। এতে গাড়ির ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং চালক প্রায় দুর্ঘটনার মুখে পড়েছিলেন।
তবে ওই নির্দিষ্ট ঘটনার সঙ্গে গ্রেপ্তার হওয়া ব্যক্তির সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
পুলিশ তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলেছে, ফুটো বা ক্ষতিগ্রস্ত টায়ার বিশেষ করে উচ্চ গতিতে চলার সময় হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারানোর বড় কারণ হতে পারে, যা মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। এ কারণে নর্থ ইয়র্ক ও আশপাশের এলাকার সব গাড়িচালককে তাদের গাড়ির টায়ার ভালোভাবে পরীক্ষা করে দেখার অনুরোধ জানানো হয়েছে।
যদি কেউ তাদের গাড়িতে কোনো ধরনের ক্ষতি বা সন্দেহজনক চিহ্ন দেখতে পান, তাহলে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। তদন্তকারীদের ধারণা, এ ধরনের ঘটনায় আরও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।
এই ঘটনায় গ্রেপ্তার হওয়া টরন্টোর বাসিন্দা আবদিফাতাহ আদির বিরুদ্ধে দুইটি অভিযোগ আনা হয়েছে। তদন্ত এখনও চলমান রয়েছে এবং পুলিশ প্রত্যক্ষদর্শী বা তথ্য থাকা ব্যক্তিদের সামনে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে।
