টায়ার নিতে অনাগ্র অন্টারিও রিসাইক্লারদের

অন্টারিও প্রদেশে টায়ার রিসাইক্লিং কর্মসূচি ঘিরে তীব্র সংকট তৈরি হয়েছে

অন্টারিও প্রদেশে টায়ার রিসাইক্লিং কর্মসূচি ঘিরে তীব্র সংকট তৈরি হয়েছে। টায়ার ডিলারদের অভিযোগ, রিসাইক্লাররা স্ক্র্যাপ টায়ার গ্রহণ না করায় বিভিন্ন সাইটে বিপুল পরিমাণ রাবারের স্তূপ জমে যাচ্ছে। এর ফলে পরিবেশগত ঝুঁকি যেমন বাড়ছে, তেমনই অগ্নিকাণ্ডের আশঙ্কাও তৈরি হয়েছে।

শিল্প সংশ্লিষ্টদের একাংশের মতে, এই সমস্যার মূল কারণ সাম্প্রতিক নীতিগত পরিবর্তন। সরকারি কর্তৃপক্ষ বর্তমানে সম্ভাব্য বিপজ্জনক এলাকাগুলিতে অতিরিক্ত টায়ার মজুদ, অবৈধ ডাম্পিং কিংবা টায়ার পোড়ানোর মতো কার্যকলাপ ঠেকাতে তৎপর। কিন্তু বাস্তবে রিসাইক্লিং প্রক্রিয়া কার্যত স্থবির হয়ে পড়ায় বিপাকে পড়েছেন টায়ার ডিলার ও পরিবহণকারীরা।

- Advertisement -

অন্টারিও টায়ার ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি অ্যাডাম মাফোট জানান, টায়ার ডিলার ও অটোমোটিভ দোকানগুলো এখন সর্বত্র স্ক্র্যাপ টায়ার জমিয়ে রাখতে বাধ্য হচ্ছে। তাঁর কথায়, “এই ব্যস্ত মৌসুমে আমাদের কাছে টায়ারের বিশাল স্তূপ তৈরি হয়েছে, যা পরিবেশকে অনিরাপদ করে তুলছে। অগ্নিকাণ্ডের ঝুঁকি থাকায় বিষয়টি ইতিমধ্যেই বিভিন্ন মিউনিসিপালিটি ও দমকল বিভাগের নজরে এসেছে। আমাদের কিছু সদস্য জানিয়েছেন, দোকানের বাইরে টায়ারের স্তূপ দেখে আশপাশের বাড়ির মালিকরা উদ্বেগ ও হতাশা প্রকাশ করছেন।”

এরই মধ্যে নর্থ ইয়র্কের একটি সাইটে প্রায় তিন হাজার স্ক্র্যাপ টায়ার স্তূপ করে রাখা হয়েছে। কিন্তু অভিযোগ, কোনো টায়ার রিসাইক্লারই সেগুলো গ্রহণ করতে রাজি নয়। রিচ নামে এক টায়ার হলার সিটিভি নিউজকে জানান, “আমাদের কাছে বিপুল সংখ্যক স্ক্র্যাপ টায়ার রয়েছে, যেগুলোর রিসাইক্লিং অত্যন্ত জরুরি। কিন্তু এগুলো পাঠানোর মতো কোনো জায়গা নেই। এই মুহূর্তে রিসাইক্লাররা টায়ার নেওয়া বন্ধ করে দিয়েছে।”

প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে অন্টারিওতে টায়ার রিসাইক্লিংয়ের দায়ভার সরাসরি উৎপাদকদের ওপর বর্তায়। তবে চলতি বছরের জানুয়ারিতে পুনরুদ্ধার লক্ষ্যমাত্রায় বড়সড় পরিবর্তন আনা হয়। উৎপাদকদের জন্য টায়ার সংগ্রহের লক্ষ্য গড় ওজনের ৮৫ শতাংশ থেকে কমিয়ে ৬৫ শতাংশ করা হয়। অভিযোগ উঠেছে, কিছু রিসাইক্লার এই ন্যূনতম লক্ষ্যমাত্রা পূরণ করার পরই নতুন টায়ার গ্রহণ বন্ধ করে দিয়েছে। এর ফলেই হঠাৎ করে পুরো ব্যবস্থায় অচলাবস্থা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে নতুন নীতিমালা থেকে সরে আসার দাবি তুলেছে বিরোধী দল নিউ ডেমোক্র্যাটিক পার্টি (এনডিপি)। তাদের বক্তব্য, বর্তমান নীতি পরিবেশ সুরক্ষার বদলে উল্টো বিপদের সম্ভাবনা বাড়াচ্ছে এবং দ্রুত পদক্ষেপ না নিলে সমস্যা আরও গভীর হবে।

সব মিলিয়ে, অন্টারিওতে টায়ার রিসাইক্লিং ব্যবস্থার এই অচলাবস্থা শুধু শিল্পক্ষেত্র নয়, জননিরাপত্তা ও পরিবেশের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

- Advertisement -

Read More

Recent