
কানাডার ক্যাম্ব্রিজ শহরে গত ১১ ডিসেম্বর এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় তিন বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির অকালপ্রয়াণে গভীর শোকে আচ্ছন্ন তার পরিবার ও স্বজনেরা। দুর্ঘটনার কয়েক দিন পর সোমবার শিশুটির মা শিহান শিয়া আবেগঘন কণ্ঠে বলেন, “সে ছিল আমাদের পরী। সে ছিল আমাদের সবকিছু। এই শোক বহন করার মতো শক্তি আমার নেই।”
পরিবারের অনুরোধ এবং আদিবাসী সংস্কৃতির চর্চার প্রতি সম্মান জানিয়ে সিটিভি নিউজ কিচেনার শিশুটির নাম প্রকাশ করেনি। এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে আদিবাসী নেতৃত্বাধীন সংগঠন ‘দি হিলিং অব দ্য সেভেন জেনারেশন্স’-এর প্রতিনিধি সেরেনা ওয়েলেসি বলেন, “আমাদের বিশ্বাস অনুযায়ী, মৃত্যুর পর এক বছরের জন্য শিশুটির নাম প্রকাশ করা হয় না। আমরা চাই, স্রষ্টার কাছে তার যাত্রা যেন অব্যাহত থাকে এবং সে যেন শান্তিতে থাকতে পারে।”
উল্লেখ্য, দি হিলিং অব দ্য সেভেন জেনারেশন্স সংগঠনটি ওয়াটারলু এবং আশপাশের অঞ্চলে আদিবাসী সম্প্রদায়ের কল্যাণে কাজ করে থাকে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটে ক্যাম্ব্রিজের ওয়েস্টগেট সেন্টার প্লাজার কাছে সিডার স্ট্রিট এলাকায়। ওই দিন শিহান শিয়া তার তিন বছরের মেয়েকে নিয়ে হাঁটছিলেন। শিশুটি তখন একটি স্ট্রলারে বসানো ছিল। সে সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মা ও শিশুটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় শিশুটি গুরুতর আহত হয়।
ঘটনার পরপরই শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন ক্যাম্ব্রিজের ৭৫ বছর বয়সী এক ব্যক্তি। তবে তিনি এই ঘটনায় শারীরিকভাবে আহত হননি।
ঘটনার হালনাগাদ তথ্য জানতে সোমবার সিটিভি নিউজ ওয়াটারলু রিজিয়নাল পুলিশ সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে। পুলিশের পক্ষ থেকে পাঠানো এক ইমেইল বার্তায় জানানো হয়, ট্রাফিক সার্ভিসেস ইউনিটের সদস্যরা এখনও ঘটনাটির তদন্ত চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে নতুন কোনো তথ্য দেওয়ার মতো নেই এবং এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে অভিযুক্ত করে কোনো অভিযোগও দায়ের করা হয়নি।
এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও সড়ক নিরাপত্তা ও পথচারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে। একই সঙ্গে এক নিষ্পাপ শিশুর অকালমৃত্যুতে শোকস্তব্ধ পুরো কমিউনিটি।
