লিওলিস্টের মাধ্যমে ক্যানাবিস পাচারকারী নিয়োগ

কানাডার সীমান্ত ব্যবহার করে আন্তর্জাতিক পর্যায়ে ক্যানাবিস চোরাচালানের একটি বড় নেটওয়ার্কের সন্ধান পাওয়ার পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কানাডিয়ান বর্ডার সার্ভিসেস এজেন্সি সিবিএসএ

কানাডার সীমান্ত ব্যবহার করে আন্তর্জাতিক পর্যায়ে ক্যানাবিস চোরাচালানের একটি বড় নেটওয়ার্কের সন্ধান পাওয়ার পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কানাডিয়ান বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য নিশ্চিত করেছে।

সিবিএসএ জানায়, এই তদন্তের সূত্রপাত হয় নাইজেরিয়ায় দুই কানাডিয়ান নারী গ্রেপ্তার হওয়ার ঘটনার পর। ওই নারীরা অবৈধভাবে ক্যানাবিস পরিবহনের চেষ্টা করছিলেন বলে জানা যায়। তাদের গ্রেপ্তারের পর বিষয়টি কানাডার আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে এবং একটি বিস্তৃত তদন্ত শুরু হয়।

- Advertisement -

সংবাদ বিজ্ঞপ্তিতে সিবিএসএ আরও জানায়, গোপন ওয়েবসাইট লিওলিস্ট–এর মাধ্যমে এই দুই নারীকে নিয়োগ দেওয়া হয়েছিল। অনলাইন নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে বিশেষভাবে ২০ থেকে ৬৫ বছর বয়সী নারীদের লক্ষ্যবস্তু করা হয়। বিজ্ঞাপনে বলা হয়, অবৈধ মাদক বহন করে টরন্টোর পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে কানাডার সীমান্ত অতিক্রম করলে তাদেরকে প্রায় ২০ হাজার ডলার পারিশ্রমিক দেওয়া হবে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)-এর সহযোগিতায় প্রায় নয় মাস ধরে পরিচালিত তদন্তে চোরাচালান চক্রের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়। এই অভিযানের অংশ হিসেবে কর্তৃপক্ষ কানাডা থেকে বিদেশে পাঠানোর আগেই প্রায় ২৯ কেজি প্যাকেটজাত অবৈধ ক্যানাবিস জব্দ করতে সক্ষম হয়।

ঘটনার পর সিবিএসএ এবং আরসিএমপি সাধারণ জনগণের প্রতি সতর্কবার্তা জারি করেছে। বিশেষ করে অনলাইনে প্রকাশিত চাকরির বিজ্ঞাপনে সাড়া দেওয়ার আগে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সংস্থাগুলোর ভাষ্য অনুযায়ী, যেসব চাকরিতে কাজের ধরন সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা থাকে না, অথচ অস্বাভাবিকভাবে বড় অঙ্কের অর্থের প্রস্তাব দেওয়া হয় এবং আন্তর্জাতিক ভ্রমণের শর্ত যুক্ত থাকে সেগুলো ঝুঁকিপূর্ণ ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতে পারে।

এই ঘটনায় টরন্টোর বাসিন্দা ৪৮ বছর বয়সী চার্লস আডেউ-কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত দুটি অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যের নাগরিক ২৫ বছর বয়সী শামারকি জাফর ইসমাইলকেও গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে তিনটি অপরাধের অভিযোগ গঠন করা হয়েছে।

কানাডার আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক মাদক চোরাচালান রোধে এ ধরনের তদন্ত অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -

Read More

Recent