ভুতাপেক্ষ বেতন পাচ্ছেন অন্টারিও জনস্বাস্থ্য কর্মীরা

অন্টারিও প্রদেশে বৃহত্তর সরকারি খাতের কর্মীদের বেতন বৃদ্ধি সীমাবদ্ধকারী বিতর্কিত বিল ১২৪ অসাংবিধানিক ঘোষিত হওয়ার পর প্রত্যাহার করে নেওয়া হয়েছে

অন্টারিও প্রদেশে বৃহত্তর সরকারি খাতের কর্মীদের বেতন বৃদ্ধি সীমাবদ্ধকারী বিতর্কিত বিল ১২৪ অসাংবিধানিক ঘোষিত হওয়ার পর প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর ফলস্বরূপ ক্ষতিপূরণ হিসেবে পাবলিক হেলথ অন্টারিও ল্যাবের কর্মীরা অতিরিক্ত ৫ দশমিক ২৫ শতাংশ বর্ধিত বেতন পাচ্ছেন।

বিল ১২৪, যা আনুষ্ঠানিকভাবে প্রাদেশিক বেতন নিয়ন্ত্রণ আইন নামে পরিচিত, বৃহত্তর সরকারি খাতের কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধি টানা তিন বছরের জন্য সর্বোচ্চ ১ শতাংশে সীমাবদ্ধ করে দিয়েছিল। শিক্ষক, নার্স, হাসপাতাল কর্মী, সরকারি কর্মচারী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদানকারীরা এই আইনের আওতায় পড়েছিলেন।

- Advertisement -

সম্প্রতি অন্টারিও কোর্ট অব আপিল রায় দেয় যে আইনটি কর্মীদের সমষ্টিগত দরকষাকষির সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে, ফলে এটিকে অসাংবিধানিক ঘোষণা করা হয়। আদালতের এই রায়ের পর প্রাদেশিক সরকার আইনটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেয়।

এর আগে নিম্ন আদালতে আইনটি প্রথমবার অসাংবিধানিক ঘোষিত হওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত কর্মীদের জন্য ভুতাপেক্ষ বেতন পরিশোধের নির্দেশ দেন আরবিট্রেটররা। এই তালিকায় ছিলেন শিক্ষক, নার্স ও অন্যান্য হাসপাতাল কর্মী, সরকারি কর্মচারী, অরেঞ্জ এয়ার অ্যাম্বুলেন্স প্যারামেডিক এবং কলেজ শিক্ষকরা।

এই ধারাবাহিকতায় এবার পাবলিক হেলথ অন্টারিওর প্রায় ৭০০ কর্মী যাদের প্রতিনিধিত্ব করছে অন্টারিও পাবলিক সার্ভিস এমপ্লয়িজ ইউনিয়ন তারা অতিরিক্ত বেতন বৃদ্ধির সুবিধা পাচ্ছেন। সিদ্ধান্ত অনুযায়ী – ২০২০ সালের জন্য অতিরিক্ত ০.৭৫ শতাংশ, ২০২১ সালের জন্য আরও ০.৭৫ শতাংশ, এবং ২০২২ সালের জন্য ৩.৭৫ শতাংশ ভুতাপেক্ষ বেতন বৃদ্ধি দেওয়া হবে। এই বর্ধিত হারগুলো আগের বছরগুলোতে পাওয়া ১ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির অতিরিক্ত হিসেবে প্রযোজ্য হবে।

এই বিষয়ে রায় দিতে গিয়ে আরবিট্রেটর উইলিয়াম কাপলান বলেন, পাবলিক হেলথ অন্টারিওর কর্মীরা কোভিড-১৯ মহামারির সময় শুধু ভাইরাস শনাক্তকরণেই নয়, বরং এইচআইভি পরীক্ষার পাশাপাশি খাদ্য ও পানির নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আরও উল্লেখ করেন, তাদের এই অবদান অন্টারিওবাসীকে নিরাপদ রাখতে এবং মহামারি ব্যবস্থাপনাকে কার্যকর করতে বড় সহায়তা করেছে।

বিশেষজ্ঞদের মতে, বিল ১২৪ প্রত্যাহারের ফলে শুধু পাবলিক হেলথ অন্টারিও নয়, বরং বৃহত্তর সরকারি খাতের কর্মীদের মধ্যেও স্বস্তি ফিরেছে। একই সঙ্গে এই সিদ্ধান্ত ভবিষ্যতে সরকারি কর্মীদের শ্রম অধিকার ও সমষ্টিগত দরকষাকষির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হতে পারে।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent