টরন্টোতে আবারও তুষারপাতের পূর্বাভাস, বরফ পরিষ্কারে শহর প্রস্তুত

টরন্টোতে আগামী বুধবার আরও ৫ থেকে ১০ সেন্টিমিটার তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ

টরন্টোতে আগামী বুধবার আরও ৫ থেকে ১০ সেন্টিমিটার তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। এর আগেই শহরের বিভিন্ন এলাকায় ২২ থেকে ৫০ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমে গেছে, যার ফলে গত কয়েক দিন ধরে ব্যাপক আকারে বরফ পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছে সিটি কর্তৃপক্ষ। নতুন করে তুষারপাত হলেও তা মোকাবিলায় নগর প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে টরন্টো সিটি।

সিটি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তুষারপাতজনিত যেকোনো সমস্যা বা জরুরি সহায়তার জন্য বাসিন্দারা ৩১১ নম্বরে ফোন করে অভিযোগ বা তথ্য জানাতে পারবেন। রাস্তা, ফুটপাত কিংবা পার্কিং সংক্রান্ত সমস্যায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এই হটলাইন চালু রাখা হয়েছে।

- Advertisement -

শহরের তথ্যমতে, ডন ভ্যালি পার্কওয়ে ও গার্ডিনার এক্সপ্রেসওয়ের মতো প্রধান মহাসড়কগুলোতে তুষার জমা শুরু হলেই আগে লবণ ছড়ানো হয়। তুষারের পরিমাণ ২.৫ সেন্টিমিটার হলেই প্লাও বা বরফ সরানোর যান নামানো হয়। এসব রাস্তায় প্রতিটি রাউন্ডে লবণ ছড়াতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। বড় সড়ক ও ট্রানজিট রুটে তুষার দেখা দিলেই লবণ ছড়ানো হয় এবং পাঁচ সেন্টিমিটার তুষার জমলে প্লাও শুরু করা হয়। এই রাস্তাগুলো পুরোপুরি পরিষ্কার করতে সাধারণত ছয় থেকে আট ঘণ্টা সময় লাগে।

আবাসিক এলাকায় তুষার ব্যবস্থাপনার নিয়ম কিছুটা আলাদা। তুষার জমা শুরু হলেই সেখানে লবণ ছড়ানো হয় এবং আট সেন্টিমিটার তুষার হলে প্লাও চালানো হয়। আবাসিক সড়কগুলো পুরোপুরি পরিষ্কার করতে প্রায় ১৪ ঘণ্টা সময় লাগে বলে জানিয়েছে সিটি।

ফুটপাত পরিষ্কারের ক্ষেত্রেও তুষারের পরিমাণ অনুযায়ী দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। দুই সেন্টিমিটারের কম তুষার হলে ফুটপাত পরিষ্কারের দায়িত্ব বাসিন্দা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর থাকে। তুষার থামার ১২ ঘণ্টার মধ্যে ফুটপাত পরিষ্কার করতে হয় এবং ড্রাইভওয়ে ও পার্কিং স্পেস ২৪ ঘণ্টার মধ্যে বরফমুক্ত করতে হয়। তবে দুই সেন্টিমিটার বা তার বেশি তুষার হলে ফুটপাত পরিষ্কারের দায়িত্ব সরাসরি সিটির। সাধারণ পরিস্থিতিতে ১২ ঘণ্টার মধ্যে এই কাজ শেষ করা হয়, যদিও বড় ধরনের ঝড় হলে সময় বেড়ে সর্বোচ্চ ৭২ ঘণ্টা পর্যন্ত লাগতে পারে। সিটির তথ্যমতে, টরন্টোর প্রায় ৯৮ শতাংশ ফুটপাত যান্ত্রিকভাবে পরিষ্কার করা সম্ভব।

এদিকে, অগ্নিনির্বাপণ হাইড্র্যান্ট ও রাস্তার ক্যাচ বেসিনগুলো তুষার ও বরফমুক্ত রাখতে বাসিন্দাদের সহযোগিতা চেয়েছে নগর কর্তৃপক্ষ। এতে করে পানি জমে থাকার ঝুঁকি কমবে এবং জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের কাজে কোনো ব্যাঘাত ঘটবে না।

শীতকালেও টরন্টোর গুরুত্বপূর্ণ সাইকেল রুটগুলোতে প্রতিদিন শতাধিক সাইক্লিস্ট চলাচল করেন। এ কারণে দুই সেন্টিমিটার তুষার হলেই সাইকেল লেন পরিষ্কার করা হয়। এই কাজ সম্পন্ন করতে প্রতিটি রাউন্ডে প্রায় আট ঘণ্টা সময় লাগে এবং প্রয়োজন হলে একাধিক রাউন্ডে বরফ পরিষ্কার করা হয়।

তুষার সরানোর পর অনেক এলাকায় রাস্তা ও পার্কিং স্পেসে বরফের বড় স্তূপ জমে যাতায়াতে সমস্যা সৃষ্টি হয়। এ ধরনের পরিস্থিতিতে শহরের পাঁচটি তুষার সংরক্ষণ কেন্দ্র এবং তিনটি মেল্টার সাইটে এসব বরফ স্থানান্তর করা হয়।

সিটি প্রশাসন আরও জানিয়েছে, “মেজর স্নো স্টর্ম কন্ডিশন” ঘোষণা করা হলে নির্দিষ্ট স্নো রুটগুলোতে পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। এই নিয়ম অমান্য করে সেখানে গাড়ি পার্ক করলে সর্বোচ্চ ৫০০ ডলার পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। চলতি বছরের ১৫ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত টরন্টোতে এমন বিশেষ তুষার পরিস্থিতি ঘোষণা করা হয়েছিল।

নতুন করে তুষারপাতের পূর্বাভাসের মধ্যে নগর কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া গাড়ি না বের করা এবং সিটির নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

- Advertisement -

Read More

Recent