
১/১১ এর অন্যতম কুশিলব লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী গ্রেফতার হয়েছেন। ডিবি পুলিশের ভাষ্যমতে তার বিরুদ্ধে ৫ টির মতো অভিযোগ রয়েছে।
কথা হচ্ছে,১/১১ এর অধিকাংশ কুশিলব বিদেশে পাড়ি দিয়েছেন। খুব একটা কেউ দেশে অবস্থান করেননি।আমার জানা মতে ফখরুদ্দিন, মঈনউদ্দিন, দুজনই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তারা ২০০৮ সালে আওয়ামী লীগ জয়ী হবার পর ক্ষমতা হস্তান্তর করে বিদেশে পাড়ি দিয়ে সেখানেই সেটেল্ড হয়েছেন। তারা ইচ্ছে করলে আওয়ামী লীগের ১৭ বছরের শাসন আমলে দেশেই থাকতে পারতেন। তেমন কোন ঝুঁকি ছিল না কিন্তু তারা থাকেননি।
আমি মনে করি তারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন।
জেনারেল মাসুদউদ্দিন কেন দেশেই থেকে গেলেন?
বিশেষ করে জুলাইয়ে পট পরিবর্তনের পর তার জন্য দেশে থাকা ঝুঁকিপূর্ণ ছিল।এরপরেও তিনি থেকে গেছেন।
এমনও হতে পারে তিনি আসলে দেশত্যাগ করতে পারতেন না। তাকে হয়ত এয়ারপোর্টে আটকে দেওয়া হতো।কিন্তু আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে তার বিদেশে পাড়ি দেওয়ার সুযোগ ছিল।
কিন্তু তিনি বিদেশে পাড়ি দেননি।
তিনি হয়ত জুলাইয়ে এত দ্রুত আওয়ামী লীগের পতন হবে তা আঁচ করতে পারেননি।
আরও হয়ত ভেবেছিলেন ২১ শে আগস্ট গ্রেনেড হামলার রায়ে তারেক জিয়ার সাজা হয়েছিল। ফলে তারেক জিয়ার আর দেশে ফিরে আসার সম্ভাবনা নেই। তিনি নিশ্চিন্তে বাকী জীবন বাংলাদেশে আরামে কাটিয়ে দিতে পারবেন।
কিন্তু যা ভাবা হয় সব সময় তা হয় না। যা এক সময় অসম্ভব মনে হয়েছিল তার কাছে তা অবস্থার ফেরে সম্ভব হয়ে যায়।
১/১১ এর সময় তারেক জিয়ার উপর যে টর্চার চালানো হয়েছিল জেনারেল মাসুদউদ্দিনের সেখানে সংশ্লিষ্টতা ছিল। আরও যারা এই টর্চারের সাথে সংশ্লিষ্ট ছিলেন, তাদের নামও হয়ত বেরিয়ে আসবে।
১/১১ বিএনপিকে দারুনভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। ১/১১ এর কারনে বিএনপিকে দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে থাকতে হয়েছে।
জিয়া পরিবার একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। মা সন্তান থেকে সন্তান মার থেকে।
তাই সেই সময়ে যা ঘটেছিল তারেক জিয়া এবং বিএনপির পক্ষে তা ভুলে যাওয়া কঠিন।
১/১১ না হলে ডক্টর ইয়াজুদ্দিনের অধীনে নির্বাচন হয়ে যেতো। বিএনপিই হয়ত ক্ষমতায় আসতো যদিও সেই ক্ষমতা বেশি দিন স্থায়ী হতো না।
কিন্তু ইতিহাস অন্য রকম হলেও হতে পারতো।
আওয়ামী লীগের যে পরিনতি হয়েছে ফিরে দেখলে তার পেছনেও কিন্তু ১/১১ অনেকাংশে দায়ী।
১/১১ বিএনপির জন্যও একটি শিক্ষা।
ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাইলে কি পরিনতি হয় তার শিক্ষা।
এই শিক্ষাটি বোধ করি বিএনপি, আওয়ামী লীগ, উভয় দলই পেয়েছেন।
এই শিক্ষার পরেও যদি ক্ষমতাসীন দল ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চায় তবে সেটি হবে জাতির জন্য দুর্ভাগ্য।
বাংলাদেশের সমস্যা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না।
শিক্ষা নিলে বার বার একই ভুল হতো না।
দেশে পরিবর্তন আসতো।
স্কারবোরো, কানাডা
