সিটি পরিচালিত গ্রোসারি স্টোর

Two smiling adults seated outdoors, a woman in a colorful patterned dress and a man in a gray polo shirt, with the man's arm around her.
বৃহস্পতিবারের কাউন্সিল সভায় কাউন্সিলর অ্যান্থনি পেরুজ্জা একটি পাইলট প্রকল্পের প্রস্তাব উত্থাপন করেন যা পরবর্তীতে সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত হয়

কানাডার টরন্টো শহরের নাগরিক সেবায় নতুন উদ্যোগ নিয়ে আবারও আলোচনায় এসেছে টরন্টো সিটি কাউন্সিল। রাস্তায় বড় গর্ত দ্রুত মেরামতের দক্ষতার জন্য পরিচিত এই সিটি কর্তৃপক্ষ এবার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এক ভিন্নধর্মী পরিকল্পনা গ্রহণ করেছে সিটি পরিচালিত গ্রোসারি স্টোর চালুর উদ্যোগ।

বৃহস্পতিবারের কাউন্সিল সভায় কাউন্সিলর অ্যান্থনি পেরুজ্জা একটি পাইলট প্রকল্পের প্রস্তাব উত্থাপন করেন, যা পরবর্তীতে সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত হয়। এই প্রস্তাবে সিটি পরিচালিত চারটি গ্রোসারি স্টোর প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।

- Advertisement -

পেরুজ্জার ধারণা, যদি এসব স্টোরকে মুনাফার চাপ থেকে মুক্ত রাখা হয় এবং সম্পত্তি কর থেকে অব্যাহতি দেওয়া হয়, তাহলে নাগরিকরা তুলনামূলক কম দামে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে পারবেন। তার মতে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় খাদ্যের উচ্চমূল্য সাধারণ মানুষের জন্য বড় সংকট তৈরি করেছে।

কাউন্সিল সভায় পেরুজ্জা বলেন, “মানুষের খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে এটা আমরা সবাই জানি এবং প্রতিনিয়ত শুনছি।” এই বক্তব্যে প্রতিফলিত হয়েছে শহরের ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির চাপ।

টরন্টোর মেয়র অলিভিয়া চাউ এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে এতে কিছু সংশোধনী যোগ করেন। তিনি গ্রোসারি স্টোরগুলোতে আরও কিছু খাদ্যসংক্রান্ত পণ্য অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন, যাতে উদ্যোগটি আরও কার্যকর হয়। চাউ বলেন, “ভোটাররা নতুন ও উদ্ভাবনমূলক ধারণা দেখতে চান,” এবং এই উদ্যোগকে সেই দিকেই একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

প্রস্তাবটি ২১-৩ ভোটে পাস হয়। বিরোধিতা করেন কাউন্সিলর ব্র্যাড ব্র্যাডফোর্ড, জন বার্নসাইড এবং স্টিফেন হলিডে। অন্যদিকে, কাউন্সিলর মাইক কোলে ও জশ ম্যাটল ভোটদানে বিরত থাকেন।

কাউন্সিলর মাইকেল থম্পসন প্রস্তাবের পক্ষে ভোট দিলেও এর কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি একে “বড় ধরনের ঝুঁকি” হিসেবে উল্লেখ করে বলেন, সরকার পরিচালিত স্টোর চালুর বদলে বেসরকারি খাতে প্রণোদনা দেওয়াই হয়তো বেশি কার্যকর হতে পারে।

এই উদ্যোগ একদিকে যেমন খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে, অন্যদিকে এটি সরকারি ব্যবস্থাপনায় নতুন চাপ তৈরি করতে পারে। সুযোগগুলো হলো: নিম্ন ও মধ্যবিত্তের জন্য সাশ্রয়ী খাদ্য সরবরাহ, বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি, ফলে মূল্য নিয়ন্ত্রণ এবং খাদ্য নিরাপত্তা জোরদার। সম্ভাব্য ঝুঁকিসমূহ হল : সরকারি ব্যয় বৃদ্ধি, পরিচালনাগত জটিলতা এবং বেসরকারি খাতের সঙ্গে প্রতিযোগিতাজনিত দ্বন্দ্ব

টরন্টো সিটি কাউন্সিলের এই সিদ্ধান্ত নগর পরিচালনায় একটি নতুন দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দেয়, যেখানে শুধু অবকাঠামো নয়, নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়নেও সরাসরি ভূমিকা রাখতে চায় সিটি কর্তৃপক্ষ। তবে এই উদ্যোগ বাস্তবে কতটা সফল হবে, তা নির্ভর করবে এর বাস্তবায়ন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা এবং জনগণের গ্রহণযোগ্যতার ওপর।

রেজাউল হক : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ

- Advertisement -

Read More

Recent