
অন্টারিওর পিটারবোরোতে এনডিপি নেতা জাগমিত সিংকে মৌখিকভাবে হেনস্থার অভিযোগ তদন্ত করে দেখছে পুলিশ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ উদ্যোগ নিয়েছে পুলিশ।
আসন্ন প্রাদেশিক নির্বাচনে পিটারবোরো-কাওয়ারথা আসনের এনডিপি নেতা জেন ডেকের নির্বাচনী কার্যালয়ের সামনে মঙ্গলবার বিকালে নামেন ফেডারেল এনডিপি নেতা জাগমিত সিং। একটি ভিডিওতে নির্বাচনী কার্যালয় ছেড়ে যাওয়ার সময় তাকে বিক্ষোভকারীদের সামনে পড়তে দেখা যায়। তিনি যখন গাড়িতে উঠছিলেন সে সময় তাকে উদ্দেশ্য করে বিক্ষোভকারীদের ‘বিশ্বাসঘাতক’ বলে শ্লোগান দিতে দেখা যায়।
পিটারবোরো পুলিশ সার্ভিসের ভারপ্রাপ্ত প্রধান টিম ফারকুহারসন বৃহস্পতিবার বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ তৎপরতার সঙ্গে এর তদন্ত করছে। ভিডিওটি যেই দেখেছেন তার কাছেই একে দুঃখজনক, নৈতিকভাবে অসমর্থনযোগ্য এবং প্রত্যেক নাগরিক ও অতিথির যা প্রাপ্য তার ব্যত্যয় মনে হবে। যারা বিষয়টি সামনে এনেছেন তাদেরকে ধন্যবাদ।
কারও কাছে এ সংক্রান্ত আর কোনো ভিডিও এবং তথ্য থাকলে তাকে এগিয়ে আসার আহবান জানিয়েছে পুলিশ।
জাগমিত সিং বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, যে অভিজ্ঞতার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে তা মারাত্মক, ভীতিকর এবং অপমানসূচক। তবে রাজনীতির ক্ষেত্রে এর যে অর্থ সেটা আরা উদ্বেগজনক। এটা আমাকে ভয় দেখাতে বা আমার সিদ্ধান্ত বদলাতে পারবে না। কিন্তু সামগ্রিকভাবে রাজনীতিতে এর যে অর্থ সেটা উদ্বেগের। এটা আমার জায়গা নয়। কিন্তু যেসব দারুণ ব্যক্তিরা রাজনীতিতে অংশগ্রহণ করতে আগ্রহী তাদেরকে আমরা হারাতে পারি।
তিনি বলেন, এ ধরনের ঘটনা ও শারীরিক আক্রমণের অভিজ্ঞতা আমার অনেক আছে। এমনকি আমি যখন তরুণ ছিলাম এবং নিজেকে রক্ষার জন্য মার্শাল আর্ট শিখেছি। কিন্তু রাজনীতিবিদ হতে গেলে নিজের সুরক্ষার জন্য শারীরিকভাবে আপনি কতটা ফিট ও দক্ষ তার প্রয়োজন নেই। এটা আমার কাছে সম্পূর্ণ ভুল এবং সমস্যাপূর্ণ। এ কারণেই আমি উদ্বিগ্ন।
