
ঢাকার একুশের বইমেলা এবং কোলকাতা বইমেলার পর বাঙালির সবচে বড় এবং জমজমাট বইমেলাটি অনুষ্ঠিত হয় নিউইয়র্কে। মুক্তধারার আয়োজনে অনুষ্ঠিত নিউইয়র্কের বইমেলাকে ঘিরে সেখানে বসবাসরত বাঙালিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও উচ্ছ্বাস পরিলক্ষিত হয়।
মুক্তধারার এই বইমেলায় বাংলাদেশ-ভারত-কানাডা-ইংল্যান্ড-জার্মানি থেকে বিপুলসংখ্যক বাংলাভাষী লেখক কবি প্রকাশকরা অংশ নেন। এছাড়া আমেরিকায় বসবাসরত লেখক কবিদের প্রাণবন্ত উপস্থিতি তো থাকেই। এবারও থাকবে যথারীতি।
বইমেলার এবারের আহবায়ক গোলাম ফারুক ভুঁইয়ার বরাতে নিউইয়র্কের ‘সাপ্তাহিক আজকাল’ পত্রিকাটি জানিয়েছে–এবছর মুক্তধারার ৩১তম নিউইয়র্ক বাংলা বইমেলাটি অনুষ্ঠিত হবে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে, আগামী ২৮-২৯-৩০-৩১ জুলাই ২০২২, চারদিনব্যাপী।
এবারের নিউইয়র্ক বইমেলায় অংশ নিতে কলকাতা থেকে বাংলাভাষার প্রখ্যাত কথাশিল্পী অমর মিত্র আসছেন। আসছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাসহ আরো ক’জন বিশিষ্ট লেখক। যেমন শাহাদুজ্জামান, সৈয়দ আল ফারুক, আসাদ মান্নান, বিরূপাক্ষ পাল, জসিম মল্লিক এবং হুমায়ুন কবীর ঢালী।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ থেকে আসছেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এছাড়াও লন্ডন ও অস্ট্রেলিয়া থেকে আসছেন কণ্ঠশিল্পী নাহিদ নাজিয়া এবং নীরা রহমান।
বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা অংকুর কথাপ্রকাশ নালন্দা ইত্যাদি এডর্ণ কাকলী আকাশ এবং প্রথমা তাদের প্রকাশিত বইসহ নিউইয়র্ক বইমেলায় অংশ নেবে। এছাড়া মুক্তধারা নিউইয়র্ক এবং ঘুংঘুরসহ আমেরিকার ৮টি প্রকাশনা সংস্থার স্টল থাকবে এবারের বইমেলায়।
নিউইয়র্কের এই বাংলা বইমেলাটি আমার খুবই প্রিয় একটি উৎসব। নিউইয়র্ক বইমেলায় অংশ নিতে বহুবার আমি ছুটে গিয়েছি কানাডা থেকে। এবারও যাচ্ছি।
আমার স্বপ্ন ও প্রত্যাশা নিউইয়র্কের এই বাংলা বইমেলাকে কেন্দ্র করে দূর প্রবাসে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতির সুস্থ চর্চাটা অব্যাহত থাকুক। বাংলা জেগে থাকুক। দীপ্তি ছড়াক। নিউইয়র্কের আকাশ দীপান্বিত হোক বাংলার সৌরভে বাংলার গৌরবে।
এই দারুণ সামারে প্রিয় বন্ধুদের সান্নিধ্যের দ্যুতিমাখা রৌদ্রকরোজ্জ্বল কয়েকটা আনন্দময় দিন ও কোলাহলমুখর কয়েকটা রাত্রির সৌরভ নিতে আসছি নিউইয়র্ক।
দেখা হবে বন্ধুরা।
আসুন সবাই বইমেলায়।
সবার প্রাণবন্ত উপস্থিতিতে হেসে উঠুক আমাদের মিলনমেলাটি।
অটোয়া ১৬ জুলাই ২০২২
- Advertisement -
