
১৫ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক রক্তাত্ত কালো দিন। ১৯৭৫ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি। অতি সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের প্রতি সেই শক্তির অবমাননা আমাদের চরমভাবে ব্যাথিত ও মর্মাহত করেছে। আমাদের হৃদয়ে অমোচনীয় রক্তক্ষরণ হচ্ছে প্রতিনিয়ত।
মহান মুক্তিযুদ্ধ ও আমাদের বঙ্গবন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে আগামী ১৫ই আগস্ট, বৃহস্পতিবার, টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে রাত ৯:১৫ টায় ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র ‘মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টার’ এ তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত প্রামাণ্য চলচ্চিত্র ‘মুক্তির গান’ প্রদর্শিত হবে। উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন চলচ্চিত্র নির্মাতা লিয়ার লেভিন এর ধারণকৃত ফুটেজ থেকে ১৯৯৫ সালে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ চলচ্চিত্রটি নির্মাণ করেন। তাঁদের পাঁচ বছরের অক্লান্ত পরিশ্রমে নির্মিত এই চলচ্চিত্রটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক অসামান্য দলিল। এই চলচ্চিত্রের কিছু অংশের চিত্রগ্রহণ করেন মিশুক মুনীর।
চলচ্চিত্রটি প্রদর্শনীর মধ্য দিয়ে সেই দিন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে স্মরণ করার সাথে সাথে বাংলাদেশের চলচ্চিত্রে আশা জাগানিয়া দুই পুরুষ তারেক মাসুদ ও মিশুক মুনীরকে স্মরণ করা হবে। উল্লেখ্য, ২০১১ সালের ১৩ই আগস্ট শ্যুটিং লোকেশন থেকে ঢাকায় ফেরার পথে বাংলাদেশের মানিকগঞ্জে এক সড়ক দূর্ঘটনায় তারেক মাসুদ – মিশুক মুনীর সহ মোট পাঁচজন চলচ্চিত্র কর্মী প্রাণ হারান।
চলচ্চিত্র প্রদর্শনীর পূর্বে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রতি অবমাননা এবং সহিংস ঘটনার প্রতিবাদে টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’তে ১৫ মিনিট মৌনভাবে প্রদীপ প্রজ্জ্বলন করা হবে।
প্রদীপ প্রজ্বলন ও চলচ্চিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
টরন্টো, কানাডা
