
২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ও তৎপরবর্তীকালে এই শহরের পারস্পরিক সম্পর্কের মাঝে যেন বড় একটি আঘাত আসলো। অনেক অনেক ভুল বুঝাবুঝির সৃষ্টি হলো। পরস্পরকে দোষারোপ করাও বেড়ে গেল। কে ফেইসবুকে লিখছেন, কে লিখছেন না, এদেরকে নজরদারীতে রাখার কথাও উল্লেখ করা হলো।
ফেইসবুকের মাধ্যমে এই ভুল বুঝাবুঝি এবং দোষারোপ করা এমন এক পর্যায়ে গেল; যেন দমবন্ধ অবস্থা। যাইহোক, আর বিস্তারিত বলতে চাইনা। শুধুই এটুকুই বলি, লাইভে গিয়ে কাউকে হুমকি দেওয়া, কারো লেখায়, মন্তব্যে, আকারে ইঙ্গিতে, হিংসা, প্রতিহিংসা প্রকাশ করা, অপদস্ত করা একেবারেই অনুচিত।
এগুলো অনভিপ্রেত। নিজেকে প্রবোধ দিয়েছিলাম অন্যভাবে। পরিবারের কারো সুখে-দুঃখে যেমন আপনজনদের আনন্দ-সহানুভূতি প্রত্যাশা করা হয়, আমাদের এই কমিউনিটির বন্ধুদেরও এরকম আপন ভাবনার অনুভবই সেই ফেইসবুকে প্রত্যাশা ছিল। আপন বলেই তো আরেক আপন জনের কাছে এই চাওয়া! এই প্রত্যাশা পূরণ অনেকসময় হয়নি বলেই এই ক্ষোভ ও হতাশার ব্যক্ততা। আমার বিশ্বাস ছিল বা এখনো আছে, এই রাগ ক্ষোভ ও ভুল বুঝাবুঝি ক্রান্তিলগ্নেরই একটি ঢেউ। সময়টি স্থির হয়ে আসলে এই ভুল বুঝাবুঝিও নিশ্চয়ই শেষ হবে। এর আগেও এরকম হয়েছে।
কিন্তু, কিছুদিন পরই আবার আপন মায়ের সন্তানের মতোই আবার কমিউনিটির সম্প্রীতি ও সৌহার্দ্য ফিরে পেয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই শহরের সংস্কৃতিবান্ধব কমিউনিটি আবার সুদৃঢ় বন্ধনে পরস্পরকে কাছে পাবে। দুর্যোগে ও দুঃসময়ে এক কাতারে দাঁড়াবে। মানবতার জয়গান গাইবে। অসাম্প্রদায়িক একটি পৃথিবীর আশা আকাঙ্ক্ষার কথা পূনর্ব্যক্ত করবে।
প্রতিটি প্রাণীই যেহেতু মরণশীল; সেহেতু, রাষ্ট্রক্ষমতায়ও কেউ চিরদিন থাকতে পারেন না। থাকেন না৷ স্বৈরাচারী আচরণ করে তো আরো না। পারস্পরিক সম্পর্কও চিরকাল একই মাত্রায় থাকে না। কিন্তু সম্মানজনক সৌজন্যতাকে ধরে রাখা জরুরী।
একটি সুন্দর আগামীর সূর্যোদয়কে আমরা স্বাগত জানাই। আমরা সবাই আমাদের মা ও মাতৃভূমিকে ভালোবাসি। আমাদের দেশের মঙ্গল হোক। মানুষের কল্যাণ হোক।
* এই প্রথম কবিতা উৎসব হবে এই শহরে। আসুন এই অনুষ্ঠানটি সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফল করে তুলি। এটি আমাদের শহরের আরেকটি সাংস্কৃতিক সফলতার ফলক।
* সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে দুটি অনুষ্ঠান হবে, ১৩ ও ১৪ সেপ্টেম্বর। দুটিতেই আপনারা অংশগ্রহণ করে সাধ্যমতো সাহায্য করলে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য অনেক উপকার হবে।
আপনাদের সবার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা।
টরন্টো, কানাডা
