
মানুষের একটাই জীবন। আমাদের এই জীবনটা একটা চলমান রেলগাড়ির মত। কোন এক ষ্টেশন থেকে যাত্রা শুরু ক’রে অনেক পথ পাড়ি দিয়ে কোন এক অজানা গন্তব্যে এসে থেমে শেষ হয়ে যায়। এই এক জীবনে মানুষের অনেক চড়াই উতরাই পার হতে হয়। কত ঘাত প্রতিঘাত প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়। কখনো কোন অভিঘাতে মন বিমর্ষ হয়ে পড়ে, আবার কোন একটা রোদ ঝলমলে সকাল দেখে মন উদ্বেলিত হয়। অন্তর প্রফুল্ল হয়ে ওঠে। ঘড়ির কাটা একটা চক্রে ঘুরে ফিরে সময়কে সামনের দিকে নিয়ে যেতে থাকে। কিন্তু রেলগাড়ির মত সামনে চললেও নানা দোলাচল রোলার কোষ্টারের মত জীবনকে ওপর নীচ ডাইনে বামে আন্দোলিত করে। এটাই বোধকরি জীবনের সৌন্দর্য। এই বন্ধুর গতিধারার কারনেই হয়তো মানুষ জীবনকে এতটা ভালবাসে।
আজকের সকালটা অসম্ভব সুন্দর। নরম তুলতুলে একটা রোদ বিছানায় এসে পড়ছে। দূরে একটা পাহাড়ে চকচকে আলো পড়ে চুড়াটা দৃশ্যমান। মনে হচ্ছে ঐ পাহাড়টা হাত বাড়িয়ে আকাশের স্পর্শ পেতে চেষ্টা করছে। মন ভাল করা আলোময় একটা সকাল। এরকম সময়ে কত কথা ভাবতে মন চায়! চলমান জীবনের নানা কথা মনে উকি ঝুঁকি দিতে থাকে। ভাবতে ভাল লাগে, যিনি আমাকে এ রকম সুন্দর একটা জীবন দিলেন, কত নেয়ামত দিয়েই না তা পূর্ণ করে দিলেন। এর চেয়ে ভাল কোন জীবন কি আমার কল্পনায় ছিল! সম্ভবত না। এই বরকতপূর্ণ জীবনে আমার ভালবাসাময় একটা সংসার। ঘর আলো করা সুস্হ সুন্দর উচ্চশিক্ষারত তিনটি সন্তান। অসম্ভব ভাল কিছু বন্ধু। যেখানে যেতে চাই কিংবা যা খেতে মন চায় তা কেনার সামর্থ্য। এর বেশী কোন চাওয়া পাওয়া তো থাকতে পারে না। তাহলে আমি কৃতজ্ঞ হবো না কেন! আজকের এই সকালে যিনি আমাকে এ রকম জীবনের অধিকারী করেছেন তার প্রতি অসীম বিনয়াবনত কৃতজ্ঞতা।
আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!! আলহামদুলিল্লাহ!!!
হ্যামিল্টন, কানাডা
