
ব্যাংক অব কানাডা বুধবার নীতিনির্ধারণী সুদের হার উল্লেখযোগ্য পরিমাণে কমিয়েছে। মূল্যস্ফীতির হার কমার পরিপ্রেক্ষিতে সুদের হার ৫০ শতাংশীয় পয়েন্ট কমানো হয়েছে।
বার্ষিক মূল্যবৃদ্ধি এখন প্রায় ২ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বর্তমানে তাদের কাজ হচ্ছে নি¤œ মূল্যস্ফীতি থেকে মূল্যস্ফীতির লক্ষ্যের মধ্যে রাখার দিকে মনোযোগ দেওয়া।
গভর্নর টিফ ম্যাকক্লেম তার প্রারম্ভিক বিবৃতিতে বলেন, মূল্যস্ফীতির হার এখন ২ শতাংশের কাছাকাছি নেমে আসায় তারা বড় পদক্ষেপ নিয়েছেন। এবং আমরা এটি লক্ষ্যের কাছাকাছি রাখতে চাই।
সেপ্টেম্বরে কানাডার মূল্যস্ফীতির হার ১ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে, যা পূর্বাভাসদাতাদের উল্লেখযোগ্য পরিমাণ সুদের হার কর্তনের প্রত্যাশাকে মজবুত করেছে। সুদের হার উল্লেখযোগ্য পরিমাণে হ্রাসের অর্থ হলো সুদের হার এখন দ্রুত কমে আসবে।
বুধবার টানা চতুর্থবারের মতো সুদের হার কমালো ব্যাংক অব কানাডা। এর ফলে নীতিনির্ধারণী সুদের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৭৫ শতাংশ। সর্বোচ্চ ৫ শতাংশ থেকে সুদের হার এই পর্যায়ে নেমে এল।
আবাসনের মূল্যস্ফীতির হ্রাসের কারণে মূল্যবৃদ্ধির এই শ্লথগতি বলে জানিয়েছে ব্যাংক অব কানাডা। অর্থনীতিতে চাহিদাকে সরবরাহ ছাপিয়ে যাওয়ায় এবং বৈশি^ক বাজারে জ¦ালানি তেলের দাম কমে যাওয়াকেও এক্ষেত্রে প্রভাবকের ভূমিকা রেখেছে।
ব্যাংক অব কানাডা এখন পূর্বাভাস দিচ্ছে যে, মূল্যস্ফীতি ২ শতাংশের কাছাকাছি থাকবে এবং ২০২৬ সাল পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। উচ্চ সুদের হার কানাডিয়ান অর্থনীতিতে শীতলতা ডেকে আনে। এর ফলে প্রবৃদ্ধি কমে আসছে এবং শ্রমবাজার আলগা হয়ে পড়ছে।
কেন্দ্রীয় ব্যাংক তাদের মুদ্রানীতি প্রতিবেদনে বলেছে, ছাঁটাই স্থিতিশীল অবস্থায় রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিয়োগ থেকে সরে এসেছে, যা তরুণ এবং নবাগতদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। সুদের হার অব্যাহতভাবে কমতে থাকায় ব্যাংক অব কানাডা পূর্বাভাসে বলছে, ২০২৫ এবং ২০২৬ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
