
স্বমহিমায় উজ্জীবিত, ঐতিহ্যের কাছে নত
কৃত্রিম যা কিছু, বর্জন করার ব্রত
তত্ত্ব ও সত্যের কাছে যাই
নোংরা বলে কিছুই নেই মাটিমাখা প্রান্তিকে
মানুষের যা কিছু সুন্দর, সে কথাটি লিখে
নন্দন বন্ধনে তুমি আমার ভাই
শুভ জন্মদিন স্বকৃত নোমান
মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার সেতুবন্ধন সৃষ্টি হয় চিন্তার সাযুজ্যতায়। পছন্দের সমতায়। দায়বদ্ধতার সমিল নিরিখে। মনন-বোধের সাধনার একই পথের নিয়ত যাত্রাপথের সহযাত্রীর ভাবনায়। যেমন অনেক দূরের দেশের ও দূর সময়ের পাবলো নেরুদা আমাদের প্রিয় কবি হয়ে যান। আন্তন চেখভ হয়ে যান আমাদের হৃদয়ের অসনাক্ত রোগের নিরাময়কারী ডাক্তার। গোর্কির মা হয়ে যান আমাদের আবেগগত ভাবনার জননী। দুঃসময়ে আমাদের কাছে এসে গান শুনিয়ে যান রবীন্দ্রনাথ। এক ডানাভাঙা আহত পাখির শুশ্রূষা করে অভয় দেন জীবনানন্দ দাশ। ‘মানুষ’ শব্দটিই আমাদের বর্ণমালার সবচেয়ে শক্তিশালী প্রেরণা বলে কানে কানে বলে দেন শামসুর রাহমান। লাউয়ের মাচায় পুচ্ছকেশ নাড়া দোয়েলের গানটি আমাদেরকে শুনিয়ে যান আল মাহমুদ। কী এক অবলীলায় এঁদের মতো আরো কতশত সৃষ্টিশীল মানুষ আমাদের আপন হয়ে ওঠেন৷ প্রতিদিনের যাপনে বাস্তবতার নিষ্পেষণ থেকে আমাদেরকে মুক্তি দেন।
সমকালীন বাংলা সাহিত্যে অন্তত বাংলাদেশের সাহিত্য অঙ্গনে এমন অনেক সৃষ্টিশীল আছেন, যারা আমার খুব আপনজন। এদের অনেকের সঙ্গেই আমার কখনোই দেখা হয়নি। ব্যক্তিগত জানাশোনার পরিধিও এখানে সীমিত। তবু, এরা তাদের সৃষ্টি, চিন্তা, দেশপ্রেম, অসাম্প্রদায়িক ভাবনা, মনন-বোধের শুদ্ধস্বর প্রকাশের তপস্যার ছায়াতলে আমাকে টেনে নিয়ে গেছেন। বেঁধে রেখেছেন। আমরা মায়াময় এক সুশীতল ছায়ায় বাসিন্দা হয়ে পরস্পরের দূরত্ব ভুলে গিয়েছি। স্বকৃত নোমান আমার কাছে সেরকমই একজন সৃষ্টিশীল মানুষ। দূরে থেকেও যিনি আমার অনেক কাছের মানুষ। উদ্যমে, উদ্যোগে, নতুন আঙ্গিকে, স্বকীয় স্বরপ্রকাশে দায়িত্ববোধে সর্বোপরি সর্বমানবের একজন প্রতিনিধি হয়ে স্বকৃত যে প্রতিনিয়ত সাহসী ও সৃষ্টিশীল আছেন, দূরে থেকে আমি তাকে অভিবাদন জানাই। স্যালুট দিই।
হাজার বছরের যে সহজিয়া বাঙালিয়ানা দর্শন, এর সামান্যতম আঘাতে স্বকৃত তার কলমকে যেভাবে শক্ত ভূমিকায় প্রতিবাদ ও প্রতিরোধ সৃষ্টি করার আপসহীনভাবে নিজেকে সজাগ রেখেছেন, তা দেখে আমি ভরসা পাই। আমাদের সোনার বাংলাদেশে সোনার মানুষকে কেউ যদি সামান্যতম অবহেলা করে ধর্মীয় বিশ্বাসের নিরিখে, সাংস্কৃতিক চর্চার ভিন্নতায়, জাতি-গোত্রের সংখ্যার আধিক্য বা লঘুর সংখ্যার হিসেবে, অন্তত একজন স্বকৃত নোমান প্রবল সাহসের তেজি কলমে সেটার প্রত্যাখ্যান করতে জানেন।
জন্মদিনে এই প্রিয় ভাইকে আমার আলিঙ্গন জানাই। অনেক অনেক শুভেচ্ছা জানাই। দূর থেকে সাহসের স্বাক্ষর দিয়ে এই বার্তা তাকে প্রেরণ করি।
শুভ জন্মদিন প্রিয় স্বকৃত নোমান।
টরন্টো, কানাডা
