সাবধান! বিক্রি করছি

সাবধান বিক্রি করছি

বিক্রি করছি চাল-ডাল-তেল বিক্রি করছি লবণ

গাড়ির চাকার জমাট হাওয়া, অর্থাৎ কী না পবন।

- Advertisement -

বিক্রি করছি সবজি আনাজ বিক্রি করছি বাদাম

বিবেকটাকেও বিক্রি করছি যখন পাচ্ছি যা দাম!

বিক্রি করছি ক্ষেপনাস্ত্র বোমা-বুলেট-মাইন

বিক্রি করছি জাতিসংঘ ইরান প্যালেস্টাইন।

বিক্রি করছি আগরবাতি আতশবাজি ফানুস

বিক্রি করছি ছাগল-গরু বিক্রি করছি মানুষ!

সকল কিছুই বিক্রিযোগ্য কিচ্ছু বাকি থাকে?

অল্প দামেই বিক্রি করছি আত্মচেতনাকে!

বিক্রি করছি এপার্টমেন্ট ও বিক্রি করছি জমি

রানওয়ে আর উড়ালসেতুর নকশা-এনাটমি…

বিক্রি করছি প্যান্ট-পাজামা বিক্রি করছি টুপি

সুযোগ পেলে মাকেও বিক্রি করছি চুপি চুপি!

বিক্রি করছি ভালোবাসা বিক্রি করছি প্রীতি

পানির দরে বিক্রি করছি একাত্তরের স্মৃতি!

বিক্রি করছি লাল যৌবন বিক্রি করছি দেহ

‘রাজনীতিবিদ’। তাইতো কেহ করে না সন্দেহ।

বিক্রি করছি আইন-আদালত র‍্যাব-পুলিশ আর ডিবি

সকল কিছুই বিক্রিযোগ্য হাঁড়ি-পাতিল-বিবি…!

বিক্রি করছি টিভি-পর্দা নানান ধাপে ধাপে

পত্রিকাও বিক্রি করছি কলাম-ইঞ্চি মাপে।

বিক্রি করছি লালন-হাসন বিক্রি করছি রবি

বিক্রি করছি বাসন্তী আর জাল পরানো ছবি।

বিক্রি করছি চাঁদ-জোনাকি বিক্রি করছি গান

বিক্রি করছি প্রজ্ঞা-মেধা-মর্যাদা-সম্মান।

বিক্রি করছি পদক ও ক্রেস্ট, জমজমেরই পানি

খোদার নামে বিক্রি করছি খোদার মেহেরবানী!

বিক্রি করছি দুর্গা পূজার ঢ্যাম কুড়কুড় ঢাক

ফেব্রুয়ারির একুশ তারিখ পহেলা বৈশাখ…

বিক্রি করছি ধানের জমি কিংবা বিরান চর

বিক্রি করছি ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর…

বিক্রি করছি সোনালি আঁশ, চিংড়ির ঘের, সব

যাত্রাপালা-ব্রতচারীর পুরানা উৎসব।

বিক্রি করছি আতর লোবান বিক্রি করছি লাশ

বিক্রি করছি স্বাধীনতার সত্য ইতিহাস!

বিক্রি করছি সস্তা দরে মধ্যরাতের বাণী

বিক্রি করছি রসগোল্লা-লাড্ডু-বাকরখানি।

বিক্রি করছি ইটের ভাটা বিক্রি করছি ধোঁয়া

বিক্রি করছি নমিনেশন বিক্রি করছি মোয়া।

বিক্রি করছি আন্দোলনকে বিক্রি করছি দাবি

বিক্রি করছি জাবি-রাবি-চবি-বুয়েট-ঢাবি।

বিক্রি করছি ব্যাংক ও শেয়ার, বিক্রি করছি ফুল

বিক্রি করছি উপাচার্যের বেঞ্চি এবং টুল।

বিক্রি করছি চক্ষু লজ্জা বিক্রি করছি মুলা

টেকোর জন্যে হাল ফ্যাশনের বিদেশী পরচুলা।

মূল্যহ্রাসে বিক্রি করছি লোভ ও প্রলোভন

বিক্রি করছি অশিক্ষিত সরল জনগণ।

বিক্রি করছি টিভি চ্যানেল-নিউজ-অনুষ্ঠান

বস্ত্রবালিকাদের অশ্রু-কান্না-অভিমান।

বিক্রি করছি খেলার মাঠের দুরন্ত সব জয়

বিক্রি করছি আদিবাসীর আত্মপরিচয়।

বিক্রি করছি পরিযায়ী পাখির নরম বুক

বিক্রি করছি ঘর-সংসার বিক্রি করছি সুখ।

বিক্রি করছি মুখোশ-র‍্যালি-একতারা আর ঢোল

বিক্রি করছি ছোট্ট শিশুর শৈশব-কল্লোল।

বিক্রি করছি সচিবালয়-আমলা ও লাল ফিতা

বিক্রি করছি শিল্পকলা-কবর-শ্মশান-চিতা।

বিক্রি করছি তরুণ যুবার প্রেম-সোনালি দিন

বিক্রি করছি দারিদ্র্য আর বিক্রি করছি ঋণ…

বিক্রি করছি নাম-খ্যাতি-যশ-কণ্ঠ-কলম-তুলি

বিক্রি করছি ছেলেবেলার রঙিন স্বপ্নগুলি।

বিক্রি করছি কম্পিউটার তস্‌বি-খেজুর-আম

বিক্রি করছি মুক্তিযুদ্ধ, তিরিশ লক্ষ নাম।

বিক্রি করছি ফর্মালিনের আদর মাখা মাছ

কাটতে কাটতে বন করে সাফ বিক্রি করছি গাছ।

বিক্রি করছি ছোট্ট শিশুর ভুবনজয়ী হাসি

বিক্রি করছি বুদ্ধ মূর্তি মক্কা এবং কাশি।

বিক্রি করছি বৃষ্টি ও রোদ বিক্রি করছি ছাতা

বিক্রি করছি ছেলেমেয়ের পাঠ্যসূচীর পাতা।

বিক্রি করছি ভোরের আকাশ, জোছ্‌না ধবল রাত

বিক্রি করছি কিডনি ও ভ্রুণ, যুদ্ধ ও সংঘাত।

বিক্রি করছি চিত্রা হরিণ-দোয়েল-কুহু-কেকা

বিক্রি করছি ডালিম কুমার এবং কাজল রেখা।

বিক্রি করছি নকশী কাঁথার বুনন ও রোশনাই

বিক্রি করছি ভোরের শিশির, জিওল মাছের ঘাঁই।

বিক্রি করছি এক্কাদোক্কা-লাটিম-লাটাই-ঘুড়ি

বিক্রি করছি বোনের স্বপ্ন শাখা-সিঁদুর-চুড়ি।

বাবার হুঁকো মায়ের আঁচল যা কিছু সম্বল

পানির দামেই বিক্রি করছি তিস্তা নদীর জল!

মুক্তো-মানিক যা ছিলো সব দিলাম সাগর সেঁচে

‘মনুষ্যত্ব’ বাকি ছিলো সেটাও দিলাম বেচে!

বেচতে বেচতে বেচতে বেচতে আর কিছু নেই বাকি

কী বেচা যায়? কী বেচা যায়? সেই ফিকিরেই থাকি।

কেউ নিরাপদ নও গো তোমরা সন্তান-মা-বাবা

আমার কাছে আইসো না গো, বিক্রি হয়ে যাবা…

অটোয়া, কানাডা

- Advertisement -

Read More

Recent