
সকলের একই প্রশ্ন : তোমার দেশের নাম কি?
একজন ফিলিস্তিনি কূটনীতিক আমাকে প্রশ্ন করল:
তোমার দেশ কোথায়?
ঠিক একই প্রশ্ন করল প্রশান্ত মহসাগরীয় দেশ ফিজির-
খনিজ সম্পদ মন্ত্রী
পশ্চিম ভারতীয় দ্বিপপুঞ্জের ক্রিকেট প্রেমিক
মার্কিন দেশের অধ্যাপক
কিউবার কবি
ব্রাজিলের ব্যবসায়ী
ঘানার টেক্সি ড্রাইভার, ফরাসি দেশের চিত্রসমালোচক মরক্কোর রেস্তোরাঁ কর্মী
মেক্সিকোর পর্যটক সহ নানান ভাষার নানান দেশের মানুষ
এই একটিমাত্র প্রশ্ন যতবার শুনি,
প্রশ্নকর্তার প্রতি অভিব্যক্তিতে কৃতজ্ঞতা এনে বুক ফুলিয়ে উত্তর দেই : বাংলাদেশ!
মুহূর্তে,
প্রায় প্রত্যেকের চোখে
উদ্ভাসিত সম্মান আর ভালোবাসার ঠিকরে পড়া আলোর শব্দে
মুখ থেকে উচ্চারিত হয়-‘বাংলাদেশ? শেখ মুজিবুর রহমান!’
অতঃপর, এক লহমার নীরবতায় আমরা বুঝে নেই পরস্পরের মধ্যে জেগে ওঠা বিস্ময়, গৌরব ও বিশ্বাসঘাতকতার গল্পের বিদ্যুতঝলকের পর্বগুলো
তোমার নাম শুনি,
আর আমার বুকে পৃথিবীর সমস্থ অহংকার আর সাহস জাপটি দিয়ে ধরে
চোখের আলোয় এদের প্রত্যেকের পদমর্যাদা আর প্রতাপ
এক লহমায় সি এন টাওয়ারের উপর থেকে নেমে
মানুষের সহজাত সমতা ধারণ করে
আমাকে নিজের মানুষ ভাবে
তোমার পরিচয়েই মূলত আমরা পৃথিবীর নাগরিক
তোমার নাম মানেই আপামর মানুষের কাতার
তোমার নাম মানেই চরাচর ব্যাপি সবুজ ধানের ক্ষেতে আনন্দের ঢেঊ
তোমার নাম মানেই উচ্ছল নদীর বুকে
নৌকার মাঝির নির্ভয় চিত্তের ভাটিয়ালি গান,
তোমার নাম মানেই বাঙালির অহংকার
তোমার ত্যাগের ফলেই বাংলাদেশ
তোমার কর্মের ফলেই বাংলাদেশ
শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ,
তুমি দ্যাখো,
আজ আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে
আকাশের ঊর্ধ্বপানে উড়িয়ে দিয়েছি লাল সবুজ পতাকা
আর সমবেত কণ্ঠে গাইছি তোমার প্রিয় গান-
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি………..
