
চুপ করে দূরে থাকলেই বুঝি
দায় থেকে মুক্তি পাওয়া যায়!
এভাবে মানুষকে দূরে ঠেলে রেখে
মরে গেলেও দায় আরো বেড়ে যায়।
দায় থেকে যারা সত্যি সত্যিই মুক্তি চায়
তারা কাছে টানে সম্পর্কের বিশালতায়।
দেনার দায় আর সম্পর্ক অস্বীকার করে
মুক্তি পাবে না জায়নামাজের সেজদায়।
মানুষ মানুষের বিপদে কাছে ভিরেই
মর্ত্যালোকে স্বর্গের দ্বার প্রান্তে পৌঁছে যায়।
যোগাযোগ বিহীন আছো বলেই কি
ভাবছো দায় থেকে মুক্তি পেয়ে গেছো,
ভাবছো তোমরা আছো বেশ, খুব খুশি!
না, তা কখনো দায় মুক্তির পথ নয়
সম্পর্ক ছিন্ন রেখে আমরা মরে গেলে
মুক্তির দায় আরো বাড়ে বহুগুণে বেশি।
এখানে এই ধরনী তলে ছলচাতুরী করে
আমাকে আড়ালে সরিয়ে রেখে
ভাবছো! যাক বাঁচা গেল,
আর চাইতে পারবে না দিতে হবে না দেনা!
কিন্তু না,
দায় থেকে তোমার মুক্তি এভাবে মিলে না!
তুমি গেলে তোমার সন্তানের ঘাড়ে
ঋণের আর বিচ্ছিন্নতার দায় চাপে
পূর্ব পুরুষের দায় পরের প্রজন্মে বয়ে যায়।
ঠকিয়ে খাচ্ছো মজাদার রসের পায়েস
তৃপ্তির ঢেঁকুর তুলে তৃপ্ত করেছো রসনা।
তোমাদের কাছে আমার যা কিছু পাওনা
তা সবই নিশ্চয়ই আছে তোমাদের জানা,
তবে বিচারের দিনে কোথায় লুকাবে বলো
তোমাকেই দিতে হবে সব দেনা ষোলআনা।
সম্পর্ক না রাখার চেষ্টা করে বুঝি
দায় থেকে মুক্তি পাওয়া যায় !
যদি তুমি মানুষ হও
তবে আমি নিশ্চিত জানি
এমন চতুরতা তোমাকে কুরে কুরে খায়।
একদিন আমি অনেক উপরে উঠে যাবো
আমি তখন অন্যরকম ব্যস্ত মানুষ
অন্যরকম হিসেব নিকেশের পালা
তখন আমি এতোটা ব্যস্ত হবো
আর ডাকবো না।
একদিন ঠিক-ই
আমি অনেক উপরে উঠে যাবো
অন্যরকম ব্যস্ত সময় আমার
কাছে আসতে চাইলে এখনই আসো
আমার প্রাণের দরজা খোলা আছে হে বন্ধু
আমার ঘরের দরজা খোলা আছে হে স্বজন।
এ ঘর কোনো ভোজনালয় নয়
এ ঘর কোনো ভজনালয় নয়
এখানে সুখ দুঃখ ভাগাভাগি হয়
এখানে রাগ ক্ষোভের হয়ে যায় ক্ষয়
এখানে মনে মনে মিলে মানুষ মানুষ হয়
এখানে হৃদয়ে হৃদয়ে মিলে অন্য আপনার হয়।
দায় থেকে মুক্তি পেতে হয় জীবদ্দশায়
কাছে টেনে আলিঙ্গনে আর ভালোবাসায়
দেনা আর সম্পর্ক যারা অস্বীকার করে যায়
দায় মুক্তির অভিশাপ তাকে কুরে কুরে খায়।।
