সালামি

আমি মুনাকে হাই দিয়ে পাশের চেয়ারে বসি আড়চোখে মুনাকে দেখছি মুনা যে আমাকে দেখছে না বিষয়টা এমন না

নামাজ পড়ে এসে দেখি বড় আপা আর দুলাভাই এসেছে। মা আপাকে আর দুলাভাইকে সেমাই দিয়েছে। আপার পাশেই দেখি একটা মেয়ে বসা। এই মেয়েকে এর আগে কখনো দেখিনি। মেয়েটার দিকে তাকাতেই আপা বলেন, শুভ্র পরিচয় হয়ে নে। ও হলো মুনা তোর ভাইয়ার খালাতে বোন।

আমি মুনাকে হাই দিয়ে পাশের চেয়ারে বসি। আড়চোখে মুনাকে দেখছি, মুনা যে আমাকে দেখছে না বিষয়টা এমন না। সবার চোখ ফাঁকি দিয়ে মুনাও আমাকে দেখছে। চোখে চোখে পড়তেই আবার দুজনে অন্যদিকে তাকাই।

- Advertisement -

তখনই মনে পড়ে আসল কাজই যে বাকি রয়ে গেছে, আপা দুলাভাইকে এখনো সালাম করা হয়নি। এবার ঠিক করেছি যে করেই হোক আপা আর দুলাভাইকে সালাম করে কমপক্ষে পাঁচ হাজার টাকা আদায় করবো।

চেয়ার থেকে উঠেই ভাইয়ার পায়ের কাছে বসি। ভাইয়া লাফিয়ে উঠে বলে বিড়াল আসলো কোথা থেকে, আমি বলি ভাইয়া বিড়াল না আমি। ভাইয়া আর আপা হাসি দেয়।

যেখানে ভাইয়ার থেকে সালামি আশা করছিলাম দুই হাজার টাকা সেখানে ভাইয়া দিলো বিশ টাকা। ঠিক করি যতো যাইহোক আজকে পা ছাড়বো না।

সকাল থেকে সবমিলিয়ে মিলিয়ে সালামি পেয়েছি পাঁচশো ত্রিশ টাকা। এদিকে আমার প্রেমিকা রুনাকে বলেছি ওর পছন্দের শাড়ি গিফ্ট দিবো। রুনা যে শাড়ি পছন্দ করেছে তার দাম তিন হাজার টাকা। বাবার মানিব্যাগ থেকে টাকা চুরি করবারও কোনো উপায় নেই, সালামি দিয়েই টাকা কালেক্ট করতে হবে।

ভাইয়া পকেট থেকে এবার একশো টাকার নোট বের করে। ঘন্টাখানেক আপা আর দুলাভাইর পা ধরে বসে থাকবার পরে দুজনে পনেরোশো টাকা দেয়।

যাক দুই হাজার ত্রিশ টাকা হয়েছে। সালামি গুনতেছি ছাদে দাঁড়িয়ে তখনই আপার সাথে আসা ভাইয়ার খালাতো বোন মুনা আসে।

মুনা এসেই পা ছুঁয়ে সালাম করে, বেয়াই বলে হাসি দেয়। এই হাসি যদি শাজাহান দেখতো একটা তাজমহল না তিনটা তাজমহল বানাতো।

পকেটে থাকা দুই হাজার টাকা বের করে মুনাকে সালামি দেই। মুনা একটা মিষ্টি কালার হাসি দিয়ে চলে যায়। মুনা চলে যাওয়ার পরে আমার ভ্রম ভাঙে। হায়রে সব টাকাই তো মুনাকে দিয়ে দিলাম।

ছাদের একপাশে যেয়ে শুনি মুনা ফোন বলছে, হ্যাঁ বাবু তোমাকে নিয়ে এবার সাজেক ট্যুর দিবো। সালামি পেয়েছি একুশ হাজার।

মুনা ফোন রাখতে বলি কার সাথে কথা বললেন বেয়াইন? মুনা বলে, আমার বয়ফ্রেন্ড। তার মানে মুনার বয়ফ্রেন্ডও আছে।

দুই ঘন্টা পা ধরে পাওয়া আমার সালামিও গেলো, ওদিকে মনে হয় গার্লফ্রেন্ডও যাবে।

ছাদে বসে মনে মনে কাঁদছি তখনই মা ডেকে বলে, ছোটো আপা আর তার জামাই আসছে। মনে মনে কান্না থামিয়ে ছাদ থেকে নিচে যাই, আরো দুই ঘন্টা পায়ের কাছে বসে থাকতে হবে, এবার আর কারো হাসি দেখে বোকা হবো না।

- Advertisement -

Read More

Recent