
প্রথম আলোকে ক্ষমা চাইতে হবে.. ৩রা এপ্রিল, প্রথম আলোর গাজীপুরের প্রতিনিধির একটি রিপোর্ট ছেপেছে। সেখানে বলা হয়েছে, স্থানীয় ইমাম ও মুসল্লিদের বাঁধার মুখে নাটকের প্যান্ডেল খুলে নেয়া হয়েছে।রিপোর্টে বলা হয়েছে, চিরদিনের জন্য সেখানে নাটক করতে দেয়া হবে না।’
এই সংবাদটি চোখে পড়ার পর আমি সেদিন এ ঘটনার নিন্দা জানিয়ে লিখেছিলাম, অভিযুক্তদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করার জন্য।
কিন্ত সংবাদ প্রকাশের সাথে সাথে স্থানীয় ইমাম সাহেব ও মুসল্লিরা এই সংবাদের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা দৈনিক কালের কন্ঠকে জানিয়েছেন, এ ঘটনায় তারা যুক্ত নন।ইমাম স্পষ্ট বলেছেন, তিনি এরকম কোনো কথাই বলেন নাই। বরং তিনি সমাজের বিভিন্ন অংশের সহঅবস্থানের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ।”
নাটক আয়োজকদের একজন জানিয়েছেন, কোন প্যান্ডেলই ( ৩রা এপ্রিল পর্যন্ত) বানানো হয়নি। আগামীকাল প্যান্ডেল করে নাটক মঞ্চায়ন হবে। আয়োজকদের মধ্যে সিনিয়র ও জুনিয়রদের দ্বন্দ্বের কারনে নাটক মঞ্চায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল,তা মিটমাটও হয়ে গেছে।নির্ধারিত সময়ে নাটক মঞ্চায়িত হবে।’
উল্লেখ, রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হকের নেতৃত্বে বাজারের লোকজন মিলে ঈদ সামনে রেখে ‘আপন দুলাল’ নাটকটি মঞ্চায়িত করার জন্য মহড়া করে। নাটকটি স্থানীয় বিএনপির জুনিয়র নেতারা আয়োজন করার কারণে স্থানীয় বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে ঝামেলা সৃষ্টির আশঙ্কায় উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে নাটক মঞ্চস্থ স্থগিত করা হয়েছিল।
এবং শনিবার (৫ এপ্রিল) সকাল ১১টায়, নাটকটি যথাসময়ে মঞ্চায়িত হয়েছে।
প্রশ্ন হচ্ছে, স্থানীয় ইমামকে জড়িয়ে এই মিথ্যা সংবাদ প্রচার করে প্রথম আলো কি বার্তা দিতে চেয়েছিল?
যখন নিউইয়র্ক টাইমস বাংলাদেশে জঙ্গী উত্থানের আশংকায় নিবন্ধ প্রকাশ করে, পার্শ্ববর্তী দেশের মিডিয়া উঠেপড়ে বাংলাদেশকে তালেবান রাস্ট্র হিসেবে চিহ্ণিত করতে চাইছে, তখন প্রথম আলোর এই মিথ্যা সংবাদ আগুনে ঘি দিচ্ছে।
মিথ্যা সংবাদ পরিবেশনের দায়ে প্রথম আলোকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
নিন্দা জানাই অপসাংবাদিকতার।
মন্ট্রিয়ল, কানাডা
