
বত্রিশ বছর আগের কথা – ১৯৯৩ সাল।
কুমিল্লা টাউন হল। লোকে লোকারণ্য – হল কানায় কানায় ভরা।
বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রীর আগমন আমাদের এই ছোট্ট এই শহরে। আমাদের বিজ্ঞান ক্লাব ‘সায়েন্স কালচার’ এর প্রতিষ্ঠা বার্ষিকী এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির আমন্ত্রন গ্রহন করেছেন মাননীয় মন্ত্রী মহোদয়। বাংলাদেশের মন্ত্রী বলে কথা। বিশাল আয়োজন হয়েছে সার্কিট হাউজের ভি আই পি কক্ষে। আমি তখনো ব্যস্ত টাউন হলে সভা আয়োজনের ব্যবস্থাদি নিয়ে। ক্লাবের কর্মীদের একজন এসে আমাকে জানাল আমার সার্কিট হাউজে যাওয়া দরকার এখনই । কারন চারটায় আমাদের টাউনহল মিটিং হলেও মন্ত্রী সাহেব আসছেন একটু আগেই।
সার্কিট হাউজের সভা কক্ষ।
গিয়ে দেখি ভেতরে ঢুকাই মুশকিল। পরিচয় দিয়ে কোন রকমে ভেতরে ঢুকলাম ঠিকই কিন্তু রুমের ভেতরে বসার জায়গা নাই বললেই চলে। ডিসি এবং এস পি সাহেব তাদের পাইক পেয়াদা নিয়ে হাজির। এছাড়া পার্টির সকল রথি মহারথিরাতো আছেনই । শুধু ডিসি সাহেবের পাশের দুটো চেয়ার খালি। একটিতে আমি নিঃসঙ্কোচে বসে পড়লাম। কিন্তু অল্পক্ষনের মধ্যেই বিধি বাম। একজন কানে কানে এসে বললেন এ দুটো চেয়ার মন্ত্রী সাহেব এবং তার সচিবের জন্য রাখা। তাই নিজের উঠে গিয়ে অন্য একটি খালি চেয়ারে বসলাম।
এ ছিল মন্ত্রী আগমনের সুচনা লগ্নের ভুল।
কিন্তু তারচেয়ে বড় ভুল ঘটেছে এরপর। বিকাল চারটায় যিথারীতি মিটিং শুরু হয়েছে। বাংলাদেশ টেলিভিশিনের কলা-কুশলীরা ক্যমেরা নিয়ে ব্যস্ত। তবে আমার পাশে বসা মন্ত্রী সাহের কানে কানে বলে গেল আমরা যেন অনুষ্ঠান সংক্ষিপ্ত করি। বিটিভি লোকজন খুব শিঘ্রই সভা ত্যাগ করবেন। কারন তাদেরকে বিটিভির রাত নয়টার খবরে এটি প্রচার করতে হবে। সে সময় দেশে টিভি শুধু একটিই। উপস্থাপক একটু সুচনা বক্তব্য দিয়েই প্রধান অতিথিকে আমন্ত্রন জানালেন। এক পর্যায়ে সভাপতির বক্তব্যের পালা।
আমি কথা বলতে শুরু করলাম।
এক পর্যায়ে বলেই দিলাম যে আজ আমরা আমাদের আয়োজন একটু সীমিত করেছি। কারন বিটিভির লোকজন বেশি সময় আমদের দিতে পারছেনা। আর বিপত্তি ঘটেছে তাতেই। মন্ত্রী সাহেব খুব ক্ষিপ্ত হলেন আমার উপর। কেন আমি সবাইকে বললাম যে, বিটিভি সময় দিতে পারছেনা। মন্ত্রী সাহেবের মন খারাপ দেখে খুব ভয় হলো। উনি আবার ক্ষেপে গিয়ে আমাদের বিজ্ঞান ক্লাবকেই বন্ধ করে দেন কি-না।
টিভি ক্যমেরার সামনে কথা বলতে গিয়ে সে যে ভয় পেয়েছি, আজ বত্রিশ বছর পরো আমার সেই ভয় কাটেনি। ভাবি আবার যদি ভুল করে বসি।
কানাডার জাতীয় নির্বাচনের আর মাত্র পাঁচ দিন বাকি।
আজ কথা বলেছি বিটিভি নয়, সিবিসি টেলিভিশনে। নির্বাচনের আগে সিবিসিতে এটি আমার দ্বিতীয় টকশো।
উইন্ডসর, কানাডা।
