
জালিয়াতির মাধ্যমে ১০টি গাড়ি বিক্রির ঘটনায় মিসিসোগার একটি অটো ডিলারশিপের এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। দেশের বাইরে চালান করে দেওয়ার উদ্দেশ্যে জালিয়াতির আশ্রয় নিয়ে গাড়িগুলো বিক্রি করেছিলেন ওই কর্মী।
পিল পুলিশ বলেছে, ওই কর্মী জালিয়াতিপূর্ণ এই লেনদেন করেন চলতি বছরের ৩০ জুন থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে। গাড়িগুলোর মূল্য সাকল্যে ৩ লাখ ৭৩ হাজার ৭৩৮ ডলার।
তদন্তকারীদের বিশ্বাস, ওই কর্মী জালিয়াতিপূর্ণ এই লেনদেনের সমন্বয় করেন এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষগুলোকে বিভিন্ন ধরনের কার ও এসইউভির প্রাপ্তির সুযোগ করে দেন।
তদন্ত চলাকালে কর্মকর্তারা নিরাপদে গাড়িগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় ২৯ এপ্রিল অঙ্কুর ভাটিয়ানি নামে ৪২ বছর বয়সী ওই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওকভিলের বাসিন্দা। তার বিরুদ্ধে জাল নথিপত্র ব্যবহার করে সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
পুলিশ বলেছে, এ ঘটনায় জড়িত সন্দেহে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ৬ হাজার ডলারের বেশি অর্থ অজালিয়াতির অভিযোগ দায়ের করা হয়েছে। তারা হলেন ২৪ বছর বয়সী আন্দ্রিয়া অলিভিয়া পাউলেট, ২৫ বছর বয়সী ডায়ানা আয়োনেলা নিকুলা, ৪০ বছর বয়সী আয়োন ক্রিস্টিয়া, ৩৪ বছর বয়সী ইলারিয়ন রুপিটা, ৩০ বছর বয়সী ভিয়ালিস-আরামিস কার্ট এবং ২৫ বছর বয়সী আন্দ্রিয়া গ্যাব্রিয়েলা পিসলা।
গ্রেপ্তারকৃত প্রত্যেকেই ভাটিয়ানির পরিচিত এবং মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। পরে তাদের ব্র্যাম্পটনের অন্টারিও কোর্টে হাজির হওয়ার কথা।
পুলিশ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, জালিয়াতির মাধ্যমে গাড়ি ক্রয় সংঘবদ্ধ গাড়ি চুরির আরেকটি ধরন এবং এই তদন্ত পিল রিজিয়নে এ ধরনের অপরাধ কমিয়ে আনতে ভূমিকা রেখেছে।
একইসঙ্গে পুলিশ ৩৪ বছর বয়সী ক্রিস্টিয়ান ফিলিপ এবং ২২ বছর বয়সী রাফায়েল গ্যাব্রিয়েল চিরিটা নামে আরও দুজনকে খুঁজছে। তাদের বিরুদ্ধে ৫ হাজার ডলারের বেশি অর্থ জালিয়াতি এবং জাল নথি উল্লেখ করার অভিযোগ রয়েছে।
এই দুই ব্যক্তির অবস্থান সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে ৯০৫-৪৫৩-৩৩১১ নাম্বারে পুলিশ অথবা ক্রাইম স্টপারদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
