
এই সোনার দেশটা আমাদের সবার। আমরা এই দেশটাকে অনেক ভালোবাসি। আমাদের সাধারণ মানুষ প্রকৃতপক্ষে সবসময়ই দেশের শান্তি চায়। বেনিয়া রাজনীতি দেশের সাধারণ মানুষকে বিভাজিত করে রাখলেও তারা দেশের জন্য প্রয়োজনে সবাই এক কাতারে দাঁড়িয়ে যান। এমন সোনার দেশ যেমন এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আমাদের দেশের মতো সোনার মানুষও পৃথিবীতে আর কোথাও নেই।
স্বার্থান্বেষীদের চক্রান্তে খুব সহজেই প্রথম প্রথম আবেগে প্রভাবিত হয়ে দেশের অনেক বড় ধরনের ক্ষতিকর কার্যকলাপে নিজেদের সম্পৃক্ত করলেও খুব দ্রুত নিজেদের ভুল বুঝতে পেরে আবার এই মানুষেরাই সম্মিলিতভাবে দেশের মঙ্গলের জন্য সঠিক পথটি বেছে নিতে পারেন। ভুল সময়ে দূরে ঠেলে দেওয়া সহযোদ্ধাকে কাছে টেনে নিয়ে দেশ গড়ার সম্মিলিত যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারেন।
হবে না কেন, এমন দেশ যে পৃথিবীতে আর নেই! এমন পলিমাটি বিধৌত মায়াবী নদী যে আর এই পৃথিবীতে নেই! সবুজ ধানের ক্ষেতে এমন ধবধবে সাদা উড়ে যাওয়া বলাকা যে আর কোথাও নেই! ঘরের কোনে সীমের মাছায় পুচ্ছ নাড়িয়ে গান গাওয়া এমন ছোট্ট মায়াবী চড়ুই যে আর কোথাও নেই!
এমন কবি যে পৃথিবীর আর কোন ভাষায় নেই, যিনি লিখতে পারেন –
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি…..
টরন্টো, কানাডা
