
স্পিড ক্যামেরা বাতিল করার ব্যাপারে প্রিমিয়ার ডগ ফোর্ডের যে পরিকল্পনা তা এগিয়ে না নিতে যৌথ আহ্বান জানিয়েছে অন্টারিওর স্কুল বোর্ডগুলো। যেসব গ্রুপ অটোমেটেড এনফোর্স টুলের পক্ষে সমর্থন জানাচ্ছে প্রদেশে সরকারের অর্থায়নে পরিচালিত চারটি স্কুল বোর্ড অ্যাসোসিয়েশনের বিবৃতি তার মধ্যে সর্বশেষ। এর আগে মিউনিসিপালিটিগুলো, অন্টারিও অ্যাসোসিয়েশন অব চিফস অব পুলিশ এবং হসপিটাল ফর সিক চিলড্রেনের পক্ষ থেকে স্পিড ক্যামেরার প্রতি সমর্থন ব্যক্ত করা হয়।
অন্টারিও পাবলিক স্কুল বোর্ডস’ অ্যাসোসিয়েশন ও ক্যাথলিক ও ফ্রেঞ্চ অর্গানাইজেশনগুলো বিবৃতিতে বলেছে, স্কুল সেফটি জোনে শিশুদের সুরক্ষার প্রসঙ্গ এলে আমাদের অবশ্যই সম্ভাব্য সব সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে। স্কুলের আশপাশে চালকদের গতি কমানো গেলে দুঃখজনক ঘটনাগুলো কমে আসবে। সেই সঙ্গে শিক্ষার্থী ও তাদের পরিবারগুলো নিরাপদ থাকবে।
প্রিমিয়ার ডগ ফোর্ড এক ঘোষণায় বলেছেন, প্রদেশজুড়ে স্পিড ক্যামেরা নিষিদ্ধ করে এ সপ্তাহেই আইন উপস্থাপন করবে তার সরকার। তিনি এসব ক্যামেরাকে করদাতাদের অর্থের অপচয় হিসেবে দাবি করেন এবং কর্মসূচিটির বিভিন্ন মানদন্ডের সমালোচনা করেন।
কিন্তু স্কুল বোর্ডগুলো ফোর্ডের প্রতি কর্মসূচিটি পুরোপুরি বাতিলের পরিবর্তে পরিশীলিত করার আহŸান জানিয়েছে। গত সপ্তাহে ২০ জনের বেশি মেয়রও একই আহ্বান জানিয়েছিলেন।
স্কুল বোর্ড অ্যাসোসিয়েশন তাদের বিবৃতিতে লিখেছে, আমরা প্রদেশের স্থানীয় লোকজন, যারা তাদের কমিউনিটিকে সবচেয়ে ভালো চেনে, স্থানীয় মিউনিসিপালিটি, স্থানীয় স্কুল বোর্ড, স্থানীয় আইন প্রয়োগকারী ও জনস্বাস্থ্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। আমাদের সন্তানরা আমাদের কাছ থেকে শক্তিশালী সুরক্ষা পাওয়ার দাবি রাখে।
ফোর্ড বিশ্বাস করেন, বিকল্প ব্যবস্থার মাধ্যমেও যানবাহনের গতি কমিয়ে আনা যেতে পারে। যেমন ফ্ল্যাশিং লাইটসহ বড় ধরনের সাইন এবং স্পিড বাম্প।
This article was written by Rezaul Haque as part of the LJI
