ফোর্ড সরকারের বিল ৬০ এর বিরুদ্ধে লড়াইয়ে টরন্টো মেয়র

ফোর্ড সরকারের বিল ৬০ এর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন টরন্টোর মেয়র অলিভিয়া চাউ

অন্টারিও প্রাদেশিক সরকারের প্রস্তাবিত বিল ৬০ নিয়ে এখন টরন্টো জুড়ে তীব্র আলোচনা চলছে। ফোর্ড সরকারের এই বিলের লক্ষ্য রেসিডেন্সিয়াল টেনান্সিজ অ্যাক্টে পরিবর্তন আনা। তবে প্রদেশ যেখানে যুক্তি দিচ্ছে যে এই পরিবর্তন বাসস্থান নির্মাণে গতি আনবে, সেখানে টরন্টোর মেয়র অলিভিয়া চাউ বলছেন এটি ভাড়াটিয়াদের ভবিষ্যৎকে আরো অনিশ্চিত করে তুলবে এবং শেষ পর্যন্ত গৃহহীন মানুষের সংখ্যা বাড়াবে।

বুধবারের সিটি কাউন্সিল সভার ঠিক আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র চাউ বলেন, “টরন্টোর প্রায় অর্ধেক মানুষ ভাড়ার বাসায় থাকেন। তারা ন্যায্যতা, স্থিতিশীলতা ও মনের শান্তি দাবি করলে তা অযৌক্তিক নয়। কিন্তু এ শান্তি তখনই থাকে, যখন তারা জানেন যে যেকোনো সময় উচ্ছেদের মুখে পড়বেন না বা অযৌক্তিক ভাড়া বৃদ্ধির শিকার হবেন না।”

- Advertisement -

সিটি কাউন্সিলের সভায় বিল ৬০–এর বিরোধিতায় একটি প্রস্তাব উত্থাপন করার কথা ছিল। মেয়র স্পষ্ট করে জানিয়ে দেন এই আইনের ফলে বাড়ির মালিকদের জন্য ভাড়াটিয়া উচ্ছেদ করা অনেক সহজ হবে, সেই সঙ্গে অ্যাপিলের অধিকার দুর্বল হয়ে পড়বে। এমনকি জোরপূর্বক উচ্ছেদ হলে ভাড়াটিয়ারা যেটুকু ক্ষতিপূরণ পেতেন, তাও উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

চাউ বলেন, “এভাবে ভাড়াটিয়ার অধিকার দুর্বল করে আবাসন সংকট সমাধান হয় না। আমরা শুধু বাড়ি বানানোর জন্য বাড়ি বানাই না আমরা একটি যত্নশীল, মানবিক নগর গড়ে তুলতে চাই।”

ভাড়াটিয়া অধিকার নিয়ে কাজ করা সংগঠন ও বিশেষজ্ঞদের ভাষ্য, এই বিল কার্যকর হলে মালিকদের পক্ষে ‘রেনোভিকশন’ এবং অন্যায্য উচ্ছেদ আরও সহজ হবে। একদিকে সাশ্রয়ী ভাড়ার ঘর কমবে, অন্যদিকে উচ্ছেদ হওয়া মানুষদের নতুন বাসস্থানের জন্য পর্যাপ্ত সময় বা আর্থিক সহায়তা মিলবে না। এর ফলে শহরে গৃহহীনতা বাড়বে, যা ইতিমধ্যেই একটি সংকটজনক অবস্থায় রয়েছে।

প্রাদেশিক সরকারের উদ্দেশে কড়া বার্তা দিয়ে মেয়র চাউ বলেন, “আপনারা যদি সত্যিই ভাড়ার বাড়ির সংখ্যা বাড়াতে চান, তাহলে টরন্টো সিটির সঙ্গে কাজ করুন। এমন আবাসন তৈরি করুন যা সাশ্রয়ী, দীর্ঘস্থায়ী এবং যেখানে ভাড়াটিয়াদের উচ্ছেদ করা কঠিন এটাই মানুষের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করার উপায়।”

অন্যদিকে প্রাদেশিক সরকার এখনো তাদের অবস্থানে অনড় তাদের দাবি, বিল ৬০ বাস্তবায়ন হলে আবাসন নির্মাণের গতি বাড়বে, যা অন্টারিওর দীর্ঘদিনের জটিল আবাসন সংকট দূর করতে সহায়ক হবে।

- Advertisement -

Read More

Recent