
অন্টারিওর কুইন’স পার্ক আইনসভায় বুধবার এক অভূতপূর্ব উত্তেজনার সৃষ্টি হয় বিরোধীদলের নেতা মারিট স্টাইলিসকে চেম্বার থেকে বের করে দেওয়ার ঘটনায়। ফোর্ড সরকারকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে মন্তব্য করায় স্পিকার তাকে অসংসদীয় ভাষা প্রত্যাহার করতে বলেন। কিন্তু স্টাইলিস নিজের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত তাকে চেম্বার ছাড়তে বাধ্য করা হয়।
দক্ষতা উন্নয়ন তহবিল নিয়ে শ্রমমন্ত্রী ডেভিড পিচ্চিনির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় স্টাইলিস অভিযোগ তোলেন যে অনুদানদাতা ও লবিস্টদের সঙ্গে সরকারি সম্পর্ক সন্দেহজনক এবং তহবিল বণ্টনে পক্ষপাতিত্ব রয়েছে। তিনি সরাসরি বলেন, “ফোর্ড সরকার দুর্নীতিগ্রস্ত।”
এই বক্তব্যের পরই স্পিকার ডোনা স্কেলি তাকে অসংসদীয় ভাষা ব্যবহার করার অভিযোগে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। কিন্তু স্টাইলিস তাতে সাড়া না দিলে স্পিকার তাকে সতর্ক করে চেম্বার থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন। বিরোধীদলীয় সাংসদদের করতালির মধ্যেই তিনি আইনসভা ত্যাগ করেন।
আইনসভা ত্যাগের পর বিকেলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ লেখেন, “তারা অবশ্যই দুর্নীতিগ্রস্ত।” এসময় তিনি তার বিতর্কিত মন্তব্যের ভিডিওটিও পোস্ট করেন, যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
পক্ষবিপক্ষের মধ্যে বিরোধের কেন্দ্রে রয়েছে ১৫০ কোটি ডলারের দক্ষতা উন্নয়ন তহবিল—যা চলতি বছরে আরও ১০০ কোটি ডলার বাড়ানো হয়েছে। সরকার বলছে, শ্রমবাজারে দক্ষ কর্মীর সংকট মোকাবিলা এবং মার্কিন শুল্কের চাপের মুখে অন্টারিওর অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনার অংশ হিসেবেই এ তহবিল বৃদ্ধি করা হয়েছে।
কিন্তু অন্টারিওর অডিটর জেনারেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, অর্থপ্রাপ্তির প্রক্রিয়া ছিল স্বচ্ছতা, ন্যায্যতা ও জবাবদিহির ঘাটতিপূর্ণ। এমনকি কম স্কোর পাওয়া কয়েকটি কোম্পানির আবেদন বাতিল হওয়ার কথা থাকলেও পিচ্চিনির কার্যালয়ের হস্তক্ষেপে তাদের তহবিল দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্টাইলিসের এই অভিযোগ এবং আইনসভায় তার বহিষ্কার প্রাদেশিক রাজনীতিতে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। বিরোধীদল মনে করছে, অডিটর জেনারেলের প্রতিবেদনই সরকারের অনিয়ম প্রমাণ করে। অন্যদিকে সরকার বলছে, তহবিল বণ্টন ছিল প্রয়োজনভিত্তিক এবং ন্যায্য।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফোর্ড সরকারকে কেন্দ্র করে স্বচ্ছতা–জবাবদিহি নিয়ে চলমান বিতর্ক আরও প্রকট হয়ে উঠল এই ঘটনার মধ্য দিয়ে। আসন্ন সেশনগুলোতে এই ইস্যু রাজনীতির কেন্দ্রবিন্দুতেই থাকবে বলে ধারণা করা হচ্ছে।
