জর্জ ব্রাউন কলেজের কালিনারি প্রোগ্রামে বড় ধরনের কৃচ্ছতা

জর্জ ব্রাউন কলেজ তাদের শেফ স্কুল ও হসপিটালিটি বিভাগের অন্যতম জনপ্রিয় ইতালিয়ান কুলিনারি প্রোগ্রামসহ মোট সাতটি কোর্স বন্ধ করে দিচ্ছে

কানাডার সুপরিচিত জর্জ ব্রাউন কলেজ তাদের শেফ স্কুল ও হসপিটালিটি বিভাগের অন্যতম জনপ্রিয় ইতালিয়ান কুলিনারি প্রোগ্রামসহ মোট সাতটি কোর্স বন্ধ করে দিচ্ছে। সিদ্ধান্তটি কেবল শিক্ষাক্ষেত্রেই নয়, পুরো রন্ধনশিল্পে আলোচনার জন্ম দিয়েছে।

এক সাক্ষাৎকারে এই বিভাগের একজন বলেন “উৎকৃষ্ট মানের যে প্রোগ্রামগুলো ভবিষ্যৎ শেফদের তৈরি করত, সেগুলোই তারা বন্ধ করে দিচ্ছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই প্রোগ্রামগুলোর অবদান বিশাল।” তিনি আরও যোগ করেন, ইতালিয়ান কুলিনারিতে পোস্টগ্র্যাজুয়েট করার সুযোগ তাকে বিশ্বের সেরা রান্নার পদ্ধতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তাই বহু ছাত্রছাত্রীকে তিনি বছরের পর বছর ধরে জর্জ ব্রাউনের শেফ স্কুলে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন।

- Advertisement -

এই সিদ্ধান্ত কানাডার হসপিটালিটি ও ফাইন ডাইনিং ইন্ডাস্ট্রিতে বড় ধরনের দক্ষতা–সংকট সৃষ্টি করতে পারে। তিনি সতর্ক করে বলেন “এ ধরনের প্রশিক্ষণের সুযোগ কমে গেলে শিল্পটি সম্ভাবনাময় নতুন শেফদের হারাবে। এতে পুরো সেক্টর বিশৃঙ্খলার মুখে পড়তে পারে।” অস্টিনের মতে, বছরের পর বছর ধরে দেশের রেস্টুরেন্ট খাত ইতিমধ্যে কর্মী সংকটে ভুগছে। মানসম্পন্ন রন্ধন প্রশিক্ষণ কমে গেলে এটি আরও তীব্র হতে পারে।

জর্জ ব্রাউন কলেজ জানায়, কানাডার বর্তমান নীতিমালা ও শিক্ষা–পরিবেশ বিবেচনা করে কলেজ তাদের প্রোগ্রামগুলোর কার্যকারিতা পুনর্মূল্যায়ন করছে। তাদের বক্তব্য অনুযায়ী আবেদনকারীর সংখ্যা কমে যাওয়া, আন্তর্জাতিক ছাত্র ভর্তিতে সরকারের কঠোর নীতি এবং শিক্ষার্থীদের অগ্রাধিকার পরিবর্তন – এসব কারণেই ভর্তি স্থগিত এবং পরবর্তীতে প্রোগ্রামগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজ বলেছে, “এটি আমাদের নিয়মিত মূল্যায়ন প্রক্রিয়ার অংশ। বর্তমান বাস্তবতায় আমরা প্রোগ্রামগুলোর পুনর্বিন্যাস করতে বাধ্য হয়েছি।”

শিল্প বিশেষজ্ঞদের মতে, জর্জ ব্রাউন কলেজের শেফ স্কুল বছরের পর বছর ধরে আন্তর্জাতিকমানের শেফ তৈরি করেছে। কানাডার রন্ধনশিল্পে কলেজটির সুনাম ছিল অত্যন্ত শক্তিশালী। ফলে এই সিদ্ধান্ত কলেজের আকর্ষণ ও মর্যাদাকেও দীর্ঘমেয়াদে প্রভাবিত করতে পারে।

“এই প্রোগ্রামগুলো ছিল জর্জ ব্রাউন কলেজের প্রাণ। এগুলো বন্ধ হলে কলেজটি ক্রমেই কম আকর্ষণীয় হয়ে উঠবে।”

জ্ঞান–বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক ফুড ইন্ডাস্ট্রির সঙ্গে কানাডার সংযোগ তৈরিতে জর্জ ব্রাউনের কুলিনারি প্রোগ্রামগুলোর অবদান ছিল অনস্বীকার্য। তাই এ সিদ্ধান্ত শুধু শিক্ষার্থীর ভবিষ্যত নয়, পুরো খাদ্য ও আতিথেয়তা শিল্পকে প্রভাবিত করতে পারে এমনটাই মনে করছেন শেফ এবং বিশেষজ্ঞরা।

This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent