
প্রায় সব ধরনের বাণিজ্যিক চুক্তির মতোই কানাডা–চীন বৈদ্যুতিক গাড়ি (ইভি) বিষয়ক সমঝোতাতেও লাভ–ক্ষতির দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠছে। একদিকে কানাডার গাড়ি নির্মাতারা আশঙ্কা প্রকাশ করছেন এই চুক্তি দেশটির গাড়ি শিল্পে কর্মসংস্থান ও দেশীয় ইভি সরবরাহ ব্যবস্থাকে চাপে ফেলতে পারে। অন্যদিকে, গাড়ি বিক্রেতাদের একটি অংশ মনে করছেন, চুক্তিটির সবচেয়ে বড় বিজয়ী হবেন ভোক্তারাই কারণ এতে বাজারে সাশ্রয়ী দামে উন্নত মানের বৈদ্যুতিক গাড়ির বিকল্প বাড়বে।
কানাডিয়ান গাড়ি নির্মাতাদের অভিযোগ, চীনা বৈদ্যুতিক গাড়ির ব্যাপক প্রবেশ স্থানীয় উৎপাদন ও বিনিয়োগকে দুর্বল করতে পারে। তাদের মতে, কম দামে চীনা ইভি বাজারে ঢুকলে দেশীয় নির্মাতারা প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খেতে পারেন। এর প্রভাব পড়তে পারে কর্মসংস্থানে, পাশাপাশি দীর্ঘমেয়াদে কানাডার নিজস্ব ইভি সরবরাহ চেইনও ঝুঁকির মুখে পড়তে পারে।
তবে ভিন্ন মত পোষণ করছেন টরন্টোর ব্যবহৃত গাড়ির ডিলারশিপ ফেভারিট মোটরস-এর সহ-স্বত্বাধিকারী নজর নাভোলস্কি। তিনি বলেন, “বাজারে বিকল্প যত বাড়বে, সাধারণত দাম তত কমে আসে। আমি মনে করি বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। ভোক্তারা দুই দিক দিয়েই লাভবান হবেন।” নাভোলস্কির মতে, চীনা বৈদ্যুতিক গাড়ির প্রতি গ্রাহকদের আগ্রহ বাড়তে পারে। এতে অন্যান্য নির্মাতারা প্রতিযোগিতায় টিকে থাকতে দাম কমাতে বাধ্য হবেন। “শেষ পর্যন্ত যেকোনো পরিবর্তন যদি সাশ্রয়ী ও মানসম্মত পণ্য দেয়, সেটাই ভোক্তাদের জন্য ভালো,” যোগ করেন তিনি।
নাভোলস্কি জানান, তিনি নিয়মিত আন্তর্জাতিক কার শোগুলো ঘুরে দেখেন এবং সেখানে চীনা বৈদ্যুতিক গাড়ির উপস্থিতি দ্রুত বাড়তে দেখছেন। তাঁর ভাষায়, “প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চীনা নির্মাতারা নিম্নমান ও সুরক্ষা নিয়ে যে নেতিবাচক ধারণা প্রচলিত ছিল, সেটিকে চ্যালেঞ্জ করছে। আগের বছরগুলোর তুলনায় এ বছর চীনা গাড়ির উপস্থিতি অনেক বেশি। আমি আগেই পূর্বাভাস দিয়েছিলাম তারা উত্তর আমেরিকার বাজারে আসছে।”
নাভোলস্কির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন টরন্টোর আরেক ব্যবহৃত গাড়ির ডিলারশিপ প্ল্যানেট মোটরস-এর ব্যবস্থাপক হামজা প্যাটেল। তাঁর মতে, বাজারে প্রতিযোগিতা বাড়লে গ্রাহকের পছন্দের পরিসর যেমন বাড়বে, তেমনি দামের ওপরও ইতিবাচক চাপ তৈরি হবে।
সব মিলিয়ে কানাডা–চীন ইভি চুক্তি নিয়ে দ্বিমুখী প্রতিক্রিয়া স্পষ্ট। শিল্পখাতে কর্মসংস্থান ও দেশীয় উৎপাদন নিয়ে উদ্বেগ থাকলেও, ভোক্তাদের জন্য এটি হতে পারে নতুন সুযোগের দ্বার। সাশ্রয়ী দামে উন্নত প্রযুক্তির গাড়ি বাজারে এলে কানাডার ইভি বাজারে বড় ধরনের রূপান্তর ঘটতে পারে যার সুফল বা কুফল, তা নির্ভর করবে সময়ের ওপরই।
