
কানাডায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রভাব এখন শুধু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে সীমাবদ্ধ নেই; তা সরাসরি আঘাত হানছে নাগরিকদের অবসর পরিকল্পনায়। ব্যাংক অব মন্ট্রিয়াল (বিএমও) পরিচালিত এক সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে বেশিরভাগ কানাডিয়ানই মনে করছেন, মূল্যস্ফীতির কারণে তাদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
সমীক্ষায় অংশ নেওয়া ৭৪ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, অবসরকালীন তহবিলে পর্যাপ্ত অর্থ থাকবে কিনা এই প্রশ্নে তাদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে বর্তমান মূল্যস্ফীতি। অর্থাৎ, প্রতি চারজনের তিনজনই ভবিষ্যৎ আর্থিক স্থিতি নিয়ে সংশয়ে ভুগছেন। এছাড়া ৬৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, মূল্যস্ফীতির চাপে তাদের সঞ্চয় ও বিনিয়োগের সক্ষমতা ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থনৈতিক বাস্তবতা তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে দুর্বল করে দিচ্ছে।
বিএমও প্রাইভেট ওয়েলথের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ব্রেন্ট জইস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “মূল্যস্ফীতি অবসর সঞ্চয়ের জন্য নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। তবে বিনিয়োগ থেকে সরে আসা সমাধান নয়।” তার মতে, আর্থিক পরিকল্পনায় মূল্যস্ফীতির প্রভাবকে অন্তর্ভুক্ত করলে দীর্ঘমেয়াদে পোর্টফোলিওর সম্ভাব্য পারফরম্যান্স সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় এবং সঠিক কৌশল নির্ধারণ সহজ হয়।
সমীক্ষায় দেখা গেছে, মূল্যস্ফীতির কারণে মাসিক ব্যয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। ৪৭ শতাংশ উত্তরদাতার মাসিক অতিরিক্ত ব্যয় ১০০ থেকে ৩০০ ডলারের মধ্যে। ৩৪ শতাংশ জানিয়েছেন, তাদের বাড়তি খরচ ৩০০ ডলার ছাড়িয়েছে।
এই বাড়তি ব্যয়ের প্রভাব সরাসরি পড়ছে অবসর তহবিলে অবদান রাখার সক্ষমতার ওপর। ৩১ শতাংশ উত্তরদাতা বলেছেন, বাড়তি খরচ সামাল দিতে গিয়ে তারা অবসর সঞ্চয়ে কম অবদান রাখতে বাধ্য হচ্ছেন। ২৭ শতাংশ খরচ কমিয়ে সঞ্চয় ধরে রাখার চেষ্টা করছেন। আর ১৭ শতাংশ জানিয়েছেন, তাদের অবসর পরিকল্পনা বিলম্বিত করতে হয়েছে।
সমীক্ষার ফলাফল আরও একটি উদ্বেগজনক দিক তুলে ধরেছে। ৩০ শতাংশ উত্তরদাতা জানেন না, তাদের সঞ্চয় অবসরে কতদিন পর্যন্ত চলবে। ২২ শতাংশের ধারণা, তাদের সঞ্চয় ১০ থেকে ১৯ বছর চলতে পারে। মাত্র ১৩ শতাংশ মনে করেন, তাদের সঞ্চয় ৩০ বছর পর্যন্ত টিকবে। বিশেষজ্ঞদের মতে, এই অনিশ্চয়তা প্রমাণ করে অনেকেই এখনো পর্যাপ্ত অবসর পরিকল্পনা বা আর্থিক পরামর্শ গ্রহণ করেননি।
বিএমওর জন্য সমীক্ষাটি পরিচালনা করে পোলারা স্ট্র্যাটেজিক ইনসাইটস। গত বছরের ৪ থেকে ১০ নভেম্বর পর্যন্ত ১,৫০০ কানাডিয়ানের ওপর অনলাইনে এই জরিপ চালানো হয়।
অর্থনীতিবিদদের মতে, দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতি শুধু তাৎক্ষণিক ভোক্তা ব্যয় বাড়ায় না; এটি ভবিষ্যৎ সঞ্চয়ের প্রকৃত মূল্যও কমিয়ে দেয়। ফলে অবসর পরিকল্পনায় প্রয়োজন হয় আরও উচ্চ হারে সঞ্চয়, বুদ্ধিদীপ্ত বিনিয়োগ এবং নিয়মিত আর্থিক পর্যালোচনা।
বিএমওর এই সমীক্ষা স্পষ্ট করে যে, কানাডার একটি বড় অংশের নাগরিক নিজেদের অবসরকালীন নিরাপত্তা নিয়ে অস্বস্তিতে রয়েছেন। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে না এলে এবং আয় ও সঞ্চয়ের ভারসাম্য পুনরুদ্ধার না হলে এই উদ্বেগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
