
বিএনপি তার জন্মগত ত্রুটি থেকে বেরুতে পারে নি, পারবে বলে মনে হয় না। কী সেই ত্রুটি? সেটা হচ্ছে রাজাকারদের ক্ষমতায়ন করতে গিয়ে মুক্তিযুদ্ধের অপমান করা। মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধুর হাত দিয়ে যে রিকনসিলিয়েসন প্রক্রিয়া শুরু হয়েছিল, তা ছিল আন্তর্জাতিক আইন ও মানবসভ্যতার বিচারে সর্বজনগ্রাহ্য। কথা হচ্ছে, কলোনিয়াল শক্তি তা মানবে কেন? তাই তারা বঙ্গবন্ধুকে কেবল হত্যা করা না, তাঁর হাত দিয়ে শুরু হওয়া রিকনসিলিয়েসন প্রক্রিয়াটিও বাতিল করে দেয়। প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে গদিতে বসার কয়েক মাসের মাথায় সাধারণ ক্ষমার বাইরে থাকা হত্যা-ধর্ষণসহ গুরুতর অভিযোগে অভিযুক্ত বারো হাজার আসামীকে মুক্তি দেওয়া হয়।
ভাসানী ন্যাপের সাধারণ সম্পাদক যাদু মিয়া কিংবা মির্জা ফখরুলের পিতা চোখা মিয়ারা এই বারো হাজার অভিযুক্তদের দু-জন, যারা বিএনপির ডিএনএ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জিয়ার পরামর্শদাতাদের একজন ছিলেন যাদু মিয়ার ভাই সিধু মিয়া। আরেকজন হলেন খুশি কবিরের পিতা আকবর কবির। এদের পরামর্শক্রমে এবং মার্কিন ইচ্ছায় জিয়া প্রথমে রাজাকার যাদু মিয়াকে প্রধানমন্ত্রীর মর্যাদায় সিনিয়র মন্ত্রী এবং তার মৃত্যুর পরে আরেক রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী পদে বসায়।
ওপরে রাজনৈতিক ক্ষমতা দখলের পাশাপাশি প্রতিটি জেলায় রাজাকারদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করার জন্য ব্যাংক ঋণের মাধ্যমে শিল্পপতি বানানো হয়। মজার ঘটনা হচ্ছে, শিল্প প্রতিষ্ঠার পরপরই এরা সকলে দল বেঁধে নিজেদেরকে ঋণখেলাপি ঘোষণা করে এবং সরকারের নির্দেশে এসব খেলাপিদের সন্তানগণ শিল্পের মালিকানা পেয়ে যায়। বাংলাদেশের প্রতিটি জেলা শহরের ১৯৭৭-৮০ পর্বে এটি ছিল সাধারণ চিত্র। ব্যাংক ব্যবস্থার মাধ্যমে প্রাতিষ্ঠানিক দূর্নীতির সেটাই শুরু। ১৯৮২-৯০ পর্বে এসব ঋণখেলাপিরা হজ করে ফিরে আসে, এবং প্রথমে চেম্বার অব কমার্সের নেতা এবং পরে বিএনপির মনোনয়নে ৯১-এর সংসদে ঢুকে পড়ে। রাজাকারদের জয়জয়কার সর্বত্র। রাষ্ট্রপতি হিসেবে বিএনপি বেছে নেয় আব্দুর রহমান বিশ্বাস নামক বরিশালের এক রাজাকারকে।
রাজাকারদের ক্ষমতায়ন করার পেছনে বিএনপির উদ্দেশ্য কী? প্রশ্নটি করেছিলাম আমাদের সময়ে ছাত্রদলের এক বন্ধুকে। তার জবাব ছিল: এর মধ্য দিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা হবে। আমি অট্টহাসি দিয়ে বলেছিলাম, সিরাজের সেনাপতি হিসেবে বারবার মীর জাফর আলি খানকেই বিবেচনা করা হবে? সে তখন মাথা চুলকায়, বলে, বুঝলাম না। বললাম, কলোনিয়াল শক্তির পছন্দ হচ্ছে রাজাকার, মীর জাফরদের। সে প্রশ্ন করে, দুই শত বছর আগের মীর জাফর কীভাবে রাজাকার হয়? বললাম, ইতিহাস পড়, তাহলে বুঝতে পারবে, কেবল মীর জাফর না, চৌদ্দ শত বছর আগের আবু সুফিয়ানও রাজাকার ছিল।
ক্যালগেরি, কানাডা
