
অন্টারিও লিবারেল পার্টি নেতা নির্বাচনের জন্য ভোটাভুটি হবে এই বছরের নভেম্বরের ৯ এবং ২০ তারিখ। ফলাফল ঘোষিত হবে নভেম্বরের ২১ তারিখ।
বলা যায়, নভেম্বরের ২১ তারিখ অন্টারিও লিবারেল পার্টি নতুন নেতা পেতে যাচ্ছে।
অনেকের মনে কৌতূহল, কে হবেন সেই কাঙ্ক্ষিত নেতা?
এবারও কি এমন একজন হবেন যিনি এমপিপি নন এবং প্রভিন্সিয়াল পার্লামেন্টের বাইরে থেকেই দলের নেতৃত্ব দেবেন?
অন্টারিও লিবারেল পার্টির বিগত দুইজন নেতা নির্বাচিত এমপিপি ছিলেন না, আর নির্বাচিত এমপিপি না হবার কারণে তারা পার্লামেন্টের অধিবেশনে অংশগ্রহণ করতে পারেননি। পার্লামেন্টের অধিবেশনে অংশগ্রহণ না করেই তারা দলের নেতৃত্ব দিয়েছিলেন।
২০২২ সালের অন্টারিও প্রভিন্সিয়াল নির্বাচনে লিবারেল পার্টি মাত্র ৮টি রাইডিংয়ে জয়ী হয়েছিল। সেই সময় লিবারেল পার্টির নেতা ছিলেন স্টিভেন ডেল ডুকা। তিনি এমপিপি ছিলেন না। ফলে তিনি প্রভিন্সিয়াল পার্লামেন্টের অধিবেশনে অংশগ্রহণ ছাড়াই দলের নেতৃত্ব দিয়েছিলেন। ২০২২ সালের নির্বাচনে তিনি ভন–উডব্রিজ রাইডিংয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
এরপর অন্টারিও লিবারেল পার্টির নেতা নির্বাচিত হন বনি ক্রম্বি। তিনিও নির্বাচিত এমপিপি ছিলেন না। ফলে তিনিও পার্লামেন্টের অধিবেশনে অংশগ্রহণ করতে পারতেন না। তিনি পার্লামেন্ট অধিবেশনে অংশগ্রহণ ছাড়াই দলের নেতৃত্ব দিয়েছিলেন।
২০২৫ সালে অনুষ্ঠিত অন্টারিও প্রভিন্সিয়াল নির্বাচনে বনি ক্রম্বির নেতৃত্বে লিবারেল পার্টি পেয়েছিল মাত্র ১৪টি আসন। বনি ক্রম্বি নিজেও মিসিসাগা ইস্ট–কুকসভিল রাইডিং থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
পরে বনি ক্রম্বি লিবারেল পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ান।
এমন একটি অবস্থায় আগামী নভেম্বরে অন্টারিও লিবারেল পার্টির নেতা নির্বাচিত হবেন।
এবার অনেকের প্রত্যাশা, অন্টারিও লিবারেল পার্টি এমন একজন নেতা পাবে যিনি নির্বাচিত এমপিপি এবং পার্লামেন্ট অধিবেশনে অংশগ্রহণ করতে পারবেন।
এ পর্যন্ত লিডারশিপ রেসে চারজনের নাম শোনা যাচ্ছে।
১) নভদীপ বেইন্স (Innovation, Science and Industry Minister 2015–2021)
২) রব সেরইয়ানেক, এমপিপি, এজাক্স
৩) লি ফেয়ারক্লো, এমপিপি, এটোবিকোক—লেকশোর
৪) ডিলান মারান্ডো, কানাডিয়ান নীতি-উপদেষ্টা, শিক্ষাবিদ এবং রাজনীতিক
উল্লেখ্য যে নাথানিয়েল আরস্কিন-স্মিথ, এমপি, বিচেস—ইস্ট ইয়র্ক অন্টারিও লিবারেল পার্টির নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্কারবোরো সাউথ ওয়েস্টের উপ-নির্বাচনে লিবারেল পার্টির এমপিপি মনোনয়ন পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
মূলত চারটি উদ্দেশ্যকে সামনে রেখে তিনি এই মনোনয়ন পেতে চেয়েছিলেন।
১) স্কারবোরো সাউথ ওয়েস্ট রাইডিংয়ের উপ-নির্বাচনে লিবারেল পার্টির এমপিপি মনোনয়ন পাওয়া এবং উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়া
২) স্কারবোরো সাউথ ওয়েস্টের উপ-নির্বাচনে জয়ী হওয়ার পর অন্টারিও লিবারেল পার্টির লিডারশিপ রেসে প্রতিদ্বন্দ্বিতা করা
৩) অন্টারিও লিবারেল পার্টির লিডারশিপ রেসে প্রতিদ্বন্দ্বিতা করে নভেম্বরের নির্বাচনে অন্টারিও লিবারেল পার্টির নেতা নির্বাচিত হওয়া
৪) আগামী অন্টারিও প্রভিন্সিয়াল নির্বাচনে ডগ ফোর্ডকে পরাজিত করে অন্টারিওর প্রিমিয়ার নির্বাচিত হওয়া
যাইহোক, নাথানিয়েল আরস্কিন-স্মিথ তার প্রথম ধাপটি অতিক্রম করতে পারেননি। অর্থাৎ তিনি স্কারবোরো সাউথ ওয়েস্টের উপ-নির্বাচনে লিবারেল পার্টির এমপিপি মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বী আহসানুল হাফিজের কাছে পরাজিত হয়েছেন।
এরপর তিনি লিবারেল পার্টির কাছে নির্বাচনে বেশ কিছু অনিয়মের অভিযোগ উত্থাপন করেন।
আর্বিটেশন কমিটি সব কিছু পর্যালোচনার পর সিদ্ধান্ত দেন যে, “no irregularities were found that affected the outcome”।
এই অবস্থায় তিনি অন্টারিও লিবারেল পার্টির লিডারশিপ রেসে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা সময়ই বলে দেবে।
ইতিপূর্বে উপরে উল্লেখ করেছি যে, অন্টারিও লিবারেল পার্টি লিডারশিপ রেসে এ পর্যন্ত চারজনের নাম সামনে এসেছে।
সামনে হয়তো আরও কয়েকজন লিডারশিপ রেসের প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করবেন।
এবার দেখার মতো বিষয় হলো, নভেম্বরের ২১ তারিখ কি অন্টারিও লিবারেল পার্টি আবারও একজন ডেল ডুকা কিংবা বনি ক্রম্বির মতো নেতা পেতে যাচ্ছে, যিনি এমপিপি নন এবং পার্লামেন্ট অধিবেশনে অংশগ্রহণ করতে পারবেন না?
আমার ব্যক্তিগত প্রত্যাশা, অন্টারিও লিবারেল পার্টি এবার এমন একজন নেতা পাবে যিনি এমপিপি এবং প্রভিন্সিয়াল পার্লামেন্ট অধিবেশনে অংশগ্রহণ করতে পারবেন, যিনি পার্লামেন্টে ডগ ফোর্ডের মুখোমুখি হবেন।
