একটি গুদাম থেকে একদিনেই ২৮০ কেজি মাদক জব্দ করেছে টরন্টো পুলিশ। টরন্টো পুলিশের ইতিহাসে এটাই একদিনে সর্বোচ্চ পরিমাণ মাদক জব্দের ঘটনা বলে বলা হচ্ছে। এ ঘটনায় ২৯ বছর বয়সী একজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
স্টাফ সুপারেন্ড্যান্ট বৃহস্পতিবার লরেন পোগ সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, এর আগেও আমরা অবৈধ মাদকের বড় চালান আটক করেছিলাম এবং সেটা ছিল কয়েক মাস আগে। আমার সামনে মাদকের যে স্তুপ দেখছেন তা একদিনেই একজন ব্যক্তির কাছ থেকে জব্দ করা হয়েছে।
তার সামনে তদন্তকারীরা ১৮৯ কিলোগ্রাম পাউডার কোকেন ও ৯৭ কিলোগ্রাম ক্রিস্টাল মেথামফেটামিন প্রদর্শন করেন, যার মূল্য আনুমানিক ২ কোটি ৮০ লাখ ডলার।
লরেন পোগের তর্থ অনুযায়ী, টরন্টো পুলিশের ড্রাগ স্কোয়াড ২ এপ্রিল ইয়ং স্ট্রিট ও এসপ্লানাডে তদন্ত কার্যক্রম পরিচালনা করে। ওই সময় ৫০ কিলোগ্রাম পাউডার কোকেন থাকা ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে আন্ডারগ্রাউন্ড পার্কিং লটে থামায় পুলিশ। এরপর তাকে হেফাজতে নেওয়া হয়।
পরোয়ানা পাওয়ার পর তদন্তকারীরা সন্দেহভাজনের সঙ্গে সম্পর্ক আছে এমন একটি কন্ডো ইউনিটে তল্লাশি চালান। সেখান থেকেই অবশিষ্ট কোকেন ও ক্রিস্টাল মেথামফেটামিন উদ্ধার করা হয়।
পুলিশের পরিদর্শক মানদিপ মান বলেন, আমাদের বিশ্বাস স্ট্যাশ হাউজটি এসব মাদকদ্রব্য সংরক্ষণ এবং স্থানীয় নেবারহুড ও পার্শ্ববর্তী কমিউনিটিগুলোতে বিতরণ করা হতো।
পাশাপাশি সন্দেহভাজনের বাড়ি থেকে ৫০ হাজার ডলার নগদ অর্থও উদ্ধার করেছে পুলিশ। এছাড়া তার গাড়ির ভেতর পেশাদারিত্বের সঙ্গে তৈরি একটি ট্র্যাপও পাওয়া গেছে, যা বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্র পরিবহনে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে।
ওই সন্দেহভাজনের নাম দেভান্তে মুর এবং তার বিরুদ্ধে পাচারের উদ্দেশে কোকেন ও মেথামফেটামিন রাখার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ আদালতে এখনও প্রমাণিত হয়নি।
এই মাদক চক্রের অন্য সদস্যদের চিহ্নিত করতে জনগণের সাহায্য চেয়েছেন তদন্তকারীরা। কারও কাছে এ সম্পর্কিত কোনো তথ্য থাকলে তাকে ড্রাগ স্কোয়াড অথবা ক্রাইম স্টপারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
একদিনে ইতিহাসের সর্বোচ্চ মাদক জব্দ
- Advertisement -

