টিপ পরা নিয়ে বিতর্ক চলছে। এখন পর্যন্ত আমার নিউজফিডে টিপের পক্ষের মতামতই এসেছে এবং এর বিপক্ষের কোন মতামত ভেসে উঠতে দেখিনি; তাতে অনুমান করতে অসুবিধে হচ্ছে না, ফেসবুকের অ্যালগরিদম আমাকে টিপের পক্ষের মানুষ ভেবে নিয়েছে। টিপ নিয়ে আমার পক্ষপাতের কোন তুলনা চলে না। পরিচিত জগতের বাঙালি মেয়েদের কপালে টিপ পরতে না দেখলে কেমন জানি লাগে, মনে হয় অসম্পূর্ণ। কেবল টিপ তো না, সাথে খোঁপা না থাকলেও কেমন লাগে। নজরুলের গানগুলো শুনে শুনে বড় হয়েছি, খোঁপা ছাড়া, টিপ ছাড়া, শাড়ি ছাড়া বাঙালি নারীর রূপটি আমার চোখে ভেসে ওঠে না। সুখের বিষয়, আমার বউ টিপ পরে এবং তাতে তার সৌন্দর্য বহুগুনে বৃদ্ধি পায়― এটা আমি হলফ করে বলতে পারি। আমার পরিচিত জগতের তো বটেই ফেসবুকে আমার যে ভার্চুয়াল বন্ধুজগত, সেখানেও বেশিরভাগ টিপ পরা নারী। টিপ বিতর্কে তাঁরা তাঁদের টিপ পরা ছবিকে উজার করে দিয়েছেন দেখে কী যে ভালো লাগছে ভাষায় প্রকাশ করা যাবে না। অনন্তকালধরে টিপ টিকে থাকুক, এত কম দামে এত বড় অহংকার কেবল বাঙালির নিজস্ব, ভাবতেই ভালো লাগে।
ক্যালগেরি, কানাডা

