ভাইরাসের বিরুদ্ধে বিশ্বকে উন্নত প্রতিরক্ষা গড়ে তুলতে হবে: ট্যাম

প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা তেরেসা ট্যাম

কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. তেরেসা ট্যাম বলেছেন, সংক্রামক ভাইরাসের বিরুদ্ধে বিশ্বকে অবশ্যই উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। কারণ, জলবায়ু পরিবর্তন ও অন্যান্য বিষয় সামনের বছরগুলোতে আরও সংক্রামক রোগ ডেকে আনার ঝুঁকি রয়েছে।

ডা. তেরেসা ট্যাম এমন এক সময় এ মন্তব্য করলেন যখন কানাডায় মাঙ্কিপক্সে আক্রান্ত ৭৭ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে কুইবেকে আক্রান্ত হয়েছেন ৭১ জন, অন্টারিওতে পাঁচজন এবং আলবার্টায় একজন। বিশ্বব্যাপী ৩০টি নন-এন্ডেমিক দেশে মোট ৫৫০ জন ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। ওইসব দেশে সাধারণত ভাইরাসটি দেখা যায় না। পশ্চিম ও দক্ষিণ আফ্রিকার বাইরে এটাই সবচেয়ে বড় সংক্রমণ। পশ্চিম ও দক্ষিণ আফ্রিকার ১০টি দেশে মাঙ্কিপক্স বর্তমানে এন্ডেমিকের পর্যায়ে রয়েছে।

- Advertisement -

এই সংক্রমণের উৎস কোথায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু জানায়নি। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রস আধানম গেব্রেয়েসুস বুধবার বলেন, একই সাথে একাধিক দেশে মাঙ্কিপক্সের সংক্রমণ দেখা দেওয়ার অর্থ হলো কিছু সময়ের জন্য হয়তো সংক্রমণ অশনাক্ত ছিল।

ডা. তেরেসা ট্যাম বলেন, কানাডায় বর্তমানে সুনির্দিষ্ট গ্রুপের ব্যক্তিদের মধ্যে মাঙ্কিপক্সের সংক্রমণ দেখা যাচ্ছে, যাদের মধ্যে ঘনিষ্ঠ যৌন সম্পর্ক রয়েছে। তবে এটা বদলাতে পারে।

জনস্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, প্রত্যেকেই ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার ঝুঁকিতে থাকলেও একাধিক সংক্রমণ দেখা গেছে পুরুষ সমকামীদের মধ্যে।

মাঙ্কিপক্সের প্রথম সংক্রমণ ধরা পড়ে যুক্তরাজ্যে মে মাসের গোড়ার দিকে। কানাডায় প্রথম সংক্রমণ শনাক্ত হয় ১৯ মে। ভাইরাসটির নাম মাঙ্কিপক্স হওয়ার কারণ হলো ১৯৫৮ সালে ডেনমার্কের একটি পরীক্ষাগারে বানরের শরীরে প্রথম এটি শনাক্ত হয়েছিল। তবে জঙ্গলে এটি সাধারণত ইঁদুর, কাঠবিড়ালির মধ্যে দেখা যায়।

- Advertisement -

Read More

Recent