জিটিএতে গাড়ি চালানো সংক্রান্ত ৪২০টি অভিযোগ


চলতি বছরের প্রথম দিকে দুই মাসেই গ্রেটার টরন্টো এরিয়াতে (জিটিএ) স্টান্ট ড্রাইভিং ও অবৈধ রেসিংয়ের অসংখ্য অভিযোগ জমা পড়েছে। অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশের (ওপিপি) তথ্য অনুযায়ী, মে ও জুন মাসের মধ্যে ৪২০টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৩৫টি ছিল ইমপেয়ার্ড ড্রাইভিং ও বিপজ্জনক মোটরযান পরিচালনা-সংক্রান্ত অভিযোগ।
এছাড়া অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগের সংখ্যা ১০৫, স্টান্ট ড্রাইভিংয়ের ২০টি এবং হাইওয়ে ট্রাফিক আইন, প্রভিন্সিয়াল ওফেন্সেস আইন, ক্যানাবিস আইন ও লিকার লাইসেন্স আইন-সংক্রান্ত অন্যান্য ২৬১টি অভিযোগ জমা পড়ে। ওপিপির প্রকাশ করা ভিডিওতে দুইটি গাড়িকে জিটিএর রাস্তায় প্রতিযোগিতায় লিপ্ত হতে দেখা যায়।
এই তদন্তে ঠিক কত সংখ্যক মানুষেরন বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে তা পরিস্কার নয়। ওপিপির ডেপুটি কমিশনার রোজ ডিমারকো সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, আজকের দিনে রাস্তায় গাড়ি চালানোর প্রতিযোগিতা খুবই লজ্জার।
অন্টারিওর সড়কে রেসিংয়ের ঘটনা অব্যাহতভাবে বাড়ছে। ২০২১ সালে প্রাদেশিক পুলিশ চালকদের বিরুদ্ধে রেসিং ও স্টান্ট ড্রাইভিংয়ের ৫ হাজার ২৯৮টি অভিযোগ দায়ের করেছিল। কমিশনার বলেন, এইসব চালক অন্যদের জীবন নিয়ে বিন্দুমাত্র ভাবে না। এমনকি তারা নিজের জীবন নিয়েও ভাবে না। এ প্রসঙ্গে তিনি ২০২২ সালের এপ্রিলে টরন্টোর হাইওয়ে ৪২৭ এ অবৈধ রেসিংয়ের বিষয়টি উল্লেখ করেন। ওই ঘটনায় একজনের মৃত্যু হয়।
রাস্তায় রেসিংয়ের আরও বেশ কিছু ভিডিও এদিন প্রকাশ করেন পুলিশ কর্মকর্তারা। একটি ভিডিওতে দুইটি কারকে ইঞ্জিন সচল করে আবাসিক এলাকার সড়কে নেমে আসতে দেখা যায়। আরেকটি ভিডিওতে মহাসড়কে একাধিক গাড়িকে রেসিংয়ে অংশ নিতে দেখা যায়।
মে ও জুন মাসে দায়ের করা এসব অভিযোগ প্রজেক্ট বুকানিয়ারের অংশ। ইয়র্ক রিজিয়ন, পিল রিজিয়ন ও টরন্টোর পুলিশ বাহিনী যৌথভাবে প্রকল্পটি পরিচালনা করছে। ইয়র্ক রিজিয়নাল পুলিশ পরিচালিত একই ধরনের তদন্ত অনুসরণ করা হচ্ছে। ওই তদন্তে ইয়র্ক রিজিয়নাল পুলিশ গ্রেটার টরন্টো এরিয়াতে ৭০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
২০২১ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত অতিরিক্ত গতিতে গাড়ি চালানো সংক্রান্ত ২ হাজার ৮৫২টি কল পান পুলিশ কর্মকর্তারা। এছাড়া রাস্তায় রেসিং সংক্রান্ত কল পান ৪ হাজার ১০৬টি এবং রেসিংয়ের কারণে সংঘর্ষের কল পান ৭০টি।
This article was written by Rezaul Haque as part of the LJI

- Advertisement -

Read More

Recent