
বাংলাদেশী-কানাডিয়ান যারা কানাডায় রাজনীতি করতে চান,যারা এমপি, এমপিপি কিংবা নিদেনপক্ষে কাউন্সিলর হতে চান তারা বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলা খুব একটা রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেয় না।
তাদের আসলে কানাডার রাজনীতি নিয়ে বেশি বেশি কথা বলা উচিত। তাহলে অন্তত বাংলাদেশী-কানাডিয়ানরা তাদের সম্পর্কে একটি ধারনা পাবে। তারা আসলেই কানাডার ভ্যালুজগুলি ধারন করেন কিনা, তারা আসলেই কানাডার মূল ধারার রাজনীতি, কানাডার অর্থ-সামাজিক অবস্থার জ্ঞান রাখেন কিনা, সেই সম্পর্কে আমরা বাংলাদেশী-কানাডিয়ানরা জানতে এবং বুঝতে সক্ষম হবো।
কিন্তু কানাডায় রাজনীতি করতে চান এমন কয়েকজনকে চিনি যারা কানাডার রাজনীতির চেয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে বেশি আগ্রহী। তাহলে তাদের উচিত হবে বাংলাদেশে গিয়ে রাজনীতি করা। কানাডায় রাজনীতি করবেন অথচ কানাডার রাজনীতি নিয়ে কোন কথা নাই, এমন বাংলাদেশী-কানাডিয়ান দিয়ে এখানে অন্তত রাজনীতি হবার নয়।
যারা কানাডায় রাজনীতি করতে আগ্রহী তাদের জন্য আমার কিছু টিপস আছে:
১)আপনি বাংলাদেশের রাজনীতি নিয়ে যত কথা বলবেন ততই আপনার ক্ষতি। কারন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলা মানেই আপনার মতামত কোন একটি পক্ষের দিকে থাকবে। আপনি হয়ত সেই পক্ষের সমর্থন পাবেন কিন্তু অন্য একটি পক্ষের সমর্থন হারাবেন। বাংলাদেশের রাজনীতি মানেই পক্ষ বিপক্ষ দুটি গ্রুপিং। এখানে যারা রাজনীতি করবেন তাদের উচিত এই ধরনের গ্রুপিং এড়িয়ে যাওয়া। বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে কথা বলা, বক্তব্য না দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।
২) আপনি কানাডায় রাজনীতি করার ইচ্ছে থাকলে এখানকার ভ্যালুজগুলি নিয়ে কথা বলুন। এখানকার মূল ধারার সমসাময়ীক রাজনৈতিক বিষয়গুলি নিয়ে কথা বলুন। এখানে বাংলাদেশী-কানাডিয়ানদের জীবন-মান উন্নয়নে কি করা যেতে পারে, সেইগুলো নিয়ে কথা বলুন। এখানে বাংলাদেশী-কানাডিয়ানদের সংগে নিয়ে নানা সামাজিক এবং কল্যানমূলক কাজে নিজেকে নিয়োজিত করুন।
এখানে রাজনীতি করতে চাইলে বাংলাদেশ আপনার মূল চ্যাপ্টার হওয়া উচিত নয়, কানাডার চ্যাপ্টার নিয়ে কথা বলুন।
তাহলেই না বুঝবো আপনি বাংলাদেশী নয়, বাংলাদেশী- কানাডিয়ান রাজনীতিবিদ।
স্কারবোরো, কানাডা
